টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ২০:৫৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ২১:৩৮ পিএম
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ অতিথিরা। প্রবা ফটো
২০২৪ সালের জানুয়ারি মাসে
নির্বাচন হবে। সে পর্যন্ত বিএনপির হরতাল, অবরোধ, গণসমাবেশ, গণঅবস্থান, মানববন্ধনসহ
আন্দোলন আন্দোলন খেলা চলতে থাকবে। তারা যদি মনে করে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেটি অবাস্তব ও সংবিধান বিরোধী। দেশে
সংবিধান অনুযায়ী সময়মত সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর
রাজ্জাক।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বঙ্গবন্ধু আকাশী ক্লাব আয়োজিত ১৫তম ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, '২০০৮ সালের নির্বাচনকে তারা মেনে নেয়নি। ২০১৪ সালের নির্বাচনকে তারা বর্জন করে। নির্বাচনকে কেন্দ্র করে ২০১৫ সালে একটানা ৯০ দিন হরতাল অবরোধ করেছে। মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে খালেদা জিয়া বিএনপির অফিসে আশ্রয় নিয়েছিলেন। ৯০ দিন আন্দোলনের পর মুখে কালিমা মেখে ব্যর্থতার গ্লানি নিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরে গিয়েছিলেন। তারা সরকারের পতন ঘটাতে পারেনি। ২০১৮ সালের নির্বাচনে তারা সুবোধ বালকের মতো নির্বাচনে অংশগ্রহণ করেছিল।’
ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক এস এম জাহিদ হাসান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালিউজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ।
ঘোড়দৌড়কে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। পুরো উপজেলায় উৎসব আনন্দের আবহ তৈরি হয়। প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নামে উপজেলার আকাশী গ্রামে।