পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৮:৪৬ পিএম
পাবনার সাঁথিয়া উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুটি বিলের প্রায় এক হাজার বিঘা জমি অনাবাদি হয়ে পড়ে আছে। প্রবা ফটো
পাবনার সাঁথিয়া উপজেলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুটি বিলের প্রায় এক হাজার বিঘা জমি অনাবাদি পড়ে আছে। বিল দুটিতে জলাবদ্ধতা ও কচুরিপানার আধিক্যের কারণে কোনো ফসলই আবাদ করা যাচ্ছে না। এ সমস্যা থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার কৃষকরা।
উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের ভেদাগাড়ীর বিল এবং গোলাবাড়ী, গঙ্গারামপুর ও মেয়াপুর গ্রামের কুমড়া বিলের প্রায় এক হাজার বিঘা জমি সারা বছর পানি ও কচুরিপানায় ভরে থাকে। ফলে বছরের পর বছর অনাবাদি হয়ে আছে জমিগুলো।
সরেজমিনে বিল এলাকায় দেখা যায়, বিলে পানি ও কচুরিপানায় ভরে আছে। ফলে এ বছরও জমিগুলো আবাদ করতে পারছেন না এলাকার কৃষকরা।
গোয়ালবাড়ী, মেয়াপুর, গঙ্গারামপুর ও গোলাবাড়ী গ্রামের কৃষকদের সঙ্গে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের। তারা জানান, বিল দুটিতে অনাবাদি জমি পড়ে থাকায় ফসল উৎপাদন করতে না পেরে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপরদিকে, কৃষকরা নিজের জমি চাষ করতে না পারায় খাদ্য সঙ্কটেও পড়তে হচ্ছে।
তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। অথচ এই এলাকার শত শত বিঘা জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অনাবাদি হয়ে পড়ে আছে।
স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃষকদের দাবি যেন দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।
এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী বলেন, ’কুমড়া বিলের পানি নিষ্কাশনের খালটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খালটি সংস্কার করা হলে জলাবদ্ধতা নিরসন হবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।’