রংপুর অফিস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ২১:১৩ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ২১:৪৮ পিএম
রংপুরে দেবরকে বিয়ের দাবিতে টানা আট দিন ধরে শিশু সন্তানকে নিয়ে অনশন করছেন ভাবি। ছবি : প্রবা
রংপুরে দেবরকে বিয়ের দাবিতে টানা আট দিন ধরে শিশু সন্তানকে নিয়ে অনশন করছেন ভাবি। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ উপজেলার পৌর শহরের মণ্ডলপাড়া গ্রামে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) থেকে দেবরের বাড়ির গেটের সামনে খড়কুটো বিছিয়ে সেখানে বসে ওই নারী অনশন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ বছর আগে বদরগঞ্জ পৌর শহরের মণ্ডলপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মোস্তাফিজারের সাথে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা ওই নারীর বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে সন্তানও জন্ম নেয়। অভিযোগ উঠেছে, স্বামী মোস্তাফিজারের ছোট ভাই নিতুন মিয়া বিভিন্ন সময় কু-প্রস্তাবসহ আপত্তিকর ক্ষুদে বার্তা পাঠাতেন ওই নারীকে। বিষয়টি জানতে পেরে মোস্তাফিজ তার স্ত্রীকে তালাক দেয় এবং বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনার পর গত ৫ জানুয়ারি থেকে ওই নারী তার ৯ বছর বয়সি ছেলেকে নিয়ে দেবর নিতুনকে বিয়ের দাবিতে তার বাড়ির সামনে অনশন শুরু করে। এ ঘটনায় ওই নারী থানায় দেবরের বিরুদ্ধে একটি অভিযোগও দিয়েছেন।
অনশনে থাকা ওই নারী বলেন, ‘নিতুনের কারণে আমার সুখের সংসার ভেঙেছে। তাই আমি ওকেই বিয়ে করতে চাই। আমাকে যতক্ষণ না সে বিয়ে করবে, ততক্ষণ পর্যন্ত তার বাড়ির সামনে থেকে উঠব না।’
এ বিষয়ে নিতুন মিয়া বলেন, ‘দুই বছর আগে আমার ভাই ও ভাবির বিচ্ছেদ হয়। তাদের বিচ্ছেদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কারও ইন্ধনে সে আমার বাড়িতে এসে এমন কাণ্ড ঘটাচ্ছে।’
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’