নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৫:২৫ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম
নোয়াখালীর সুবর্ণচরে অবৈধভাবে পরিচালিত চার করাতকল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার চর জুবিলী চর মহিউদ্দিন বাজার, দক্ষিণ চর মজিদ ও মধ্য চরবাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা অভিযান পরিচালনা করেন।
সাজা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, চর জুবিলী চর মহিউদ্দিন বাজারের সহিদ স-মিল, শিরিন আক্তার স-মিল, দক্ষিণ চর মজিদ এলাকার সাহাদাত স-মিল ও মধ্য চরবাটা এলাকার ইউছুফ স-মিল।
ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, সুবর্ণচরের চর জুবিলী ও পূর্ব চর বাটা ইউনিয়নে অবৈধ করাতকলের খবর পায় উপজেলা বনবিভাগ। বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযান পরিচালনা করে লাইসেন্স ব্যতিত অবৈধভাবে পরিচালনার দায়ে সহিদ স-মিলকে ১০ হাজার, শিরিন আক্তার স-মিলকে ১০ হাজার, সাহাদাত স-মিলকে ১০ ও ইউছুফ স-মিলকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় করাতকলগুলো বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, ‘অবৈধ করাতকলের তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ করাতকল বন্ধ করে দেওয়া হবে। সংরক্ষিত বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, হাবিবিয়া রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চর জব্বর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।