নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১১:৫০ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৪:১২ পিএম
অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি করায় ফসলি জমি নষ্ট হচ্ছে। ছবি : প্রবা
নোয়াখালীর সদর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়ায় বুধবার (১১ জানুয়ারি) বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ বিন আখন্দ।
জরিমানা করা হয়েছে মো. বাহার উদ্দিনকে। তিনি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উরিয়া গ্রামের বাসিন্দা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ প্রতিদিনের বাংলাদেশকে জানান, বাহার উদ্দিন খেয়াল খুশিমত অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছিলেন। খবর পেয়ে অবৈধভাবে উত্তোলন করা মাটি বোঝাই পিকআপসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাহার উদ্দিনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বায়েজীদ বিন আখন্দ বলেন, ‘ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। আজকে বাহার উদ্দিনকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।’
অবৈধ মাটি উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।