প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মিনিট আগে
ছবি: সংগৃহীত
সাতক্ষীরার দেবহাটায় দুই দফা গণপিটুনি দিয়ে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে হত্যার ঘটনায় এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদিকুল ইসলাম (৪৫) দেবহাটা উপজেলার কুলিয়া এলাকার বাসিন্দা ও তিনি কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। হত্যাকাণ্ডের শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০) একই উপজেলার বড় শান্তা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহীন জানান, ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে শামীমকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল জলিল বাদী হয়ে এজাহারনামীয় ১০ জন ও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সাদিকুল ইসলাম তদন্তে প্রাপ্ত আসামি। হত্যাকাণ্ডের সময় ধারণ করা ভিডিও ফুটেজে তার উপস্থিতি দেখা গেছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।
গত ১৩ সন্ধ্যার আগে কুলিয়া এলাকায় সবুর নামে এক গ্রাম্য চিকিৎসকের চেম্বারে বিষপান করে অসুস্থ থাকা ওয়াহিদুজ্জামান শামীমকে টেনেহিঁচড়ে তৌহিদি জনতা নামে গণপিটুনি দেয় একদল লোক। ওই সময় তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত ৯টার দিকে হাসপাতালে গিয়ে দ্বিতীয় দফায় গণপিটুনি দেওয়া হয়। এরপর শামীমের মৃত্যু ঘটে।
শামীমের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শামীম মানসিক ভারসাম্যহীন। গণপিটুনির ঘটনায় তৌহিদী জনতা জড়ো করেন ফজলুল হক আমিনী। তাকে আগেই গ্রেপ্তার করেছিল এসআরবি।