রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ১৪ মিনিট আগে
বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের সমাপনী ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের সমাপনী ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে ‘থ্যাংকস গিভিং অ্যান্ড ওয়ার্কশপ’ (Thanks Giving & Workshop) অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউসের বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্পে অর্থায়ন করেছে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার (The Government of the Hong Kong Special Administrative Region)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এডিপি ম্যানেজার
প্রকাশ চাম্বুগন। হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমার
সঞ্চালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক পাইচিংউ মারমা।
প্রকল্পের আওতায় উপজেলার চারটি
ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের প্রত্যেককে খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য
সুরক্ষা উপকরণ দেওয়া হয়। এর মধ্যে রোয়াংছড়ি সদর ইউনিয়নে ১০১ জন, তারাছা ইউনিয়নে ৩৪১
জন, আলেক্ষ্যং ইউনিয়নে ২৯৭ জন এবং নোয়াপতং ইউনিয়নে ২৬১ জন সহায়তা পেয়েছেন।
প্রতিটি পরিবারের জন্য খাদ্য
সহায়তা হিসেবে ৪০ কেজি চাল, ১০ কেজি মসুর ডাল, চার লিটার ভোজ্যতেল, দুই কেজি চিড়া,
এক কেজি লবণ ও দুই কেজি চিনি দেওয়া হয়। পাশাপাশি খাদ্যসামগ্রী বহন ও সংরক্ষণের জন্য
তিনটি পাটের ব্যাগ সরবরাহ করা হয়।
স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজে
ছিল হাত ধোয়ার জন্য ২০ লিটারের একটি বালতি, ১০ লিটারের একটি পানির পাত্র, দেড় লিটারের
একটি প্লাস্টিকের মগ, ১৫০ গ্রাম ওজনের পাঁচটি গোসলের সাবান, এক বাক্স খাবার স্যালাইন,
৫০০ মিলিলিটারের একটি অ্যান্টিসেপটিক জীবাণুনাশক এবং ৫০০ গ্রাম ওজনের দুটি কাপড় কাচার
ডিটারজেন্ট পাউডারের প্যাকেট। এছাড়া নারীদের জন্য স্যানিটারি প্যাড এবং স্বাস্থ্যবিধি
ও পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরতে সহযোগিতা করা অত্যন্ত জরুরি। বন্যার পর অনেক পরিবার খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব ও নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। এ অবস্থায় খাদ্য সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতার উপকরণ সরবরাহ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, দুর্যোগপরবর্তী সময়ে নিরাপদ পানি ব্যবহার, নিয়মিত হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপকারভোগী এলাকার পাড়ার কারবারি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।