চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১২ মিনিট আগে
চন্দনাইশ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন সিম উদ্দিন আহমেদ। ছবি: ভিডিও থেকে
চন্দনাইশে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা, সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা ও গুজব প্রতিরোধে আলোচনা হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের এমপি আলহাজ জসিম উদ্দিন আহমেদ।
সভায় জসিম উদ্দিন আহমেদ বলেন, চন্দনাইশ শান্তিপ্রিয় উপজেলা। এখানে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না। নির্বাচনকে সামনে রেখে যারা নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, তাদের দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের প্রতিনিধি বেছে নেবে। প্রশাসনের কর্মকর্তারা যাতে নিরাপদে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করতে হবে।
গ্রামীণ ব্যাংকে হামলার খবরকে গুজব উল্লেখ করে তিনি বলেন, আমি ব্যাংক ম্যানেজার ও ওসির সঙ্গে কথা বলেছি। ব্যাংকে কোনো হামলার ঘটনা ঘটেনি। একটি মহল আতঙ্ক ছড়াতে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় গ্রামীণ ব্যাংকের ম্যানেজার বলেন, সেদিন ব্যাংকে কোনো আগুন বা হামলার ঘটনা ঘটেনি। বাইরে শব্দ শুনে তারা বের হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সভায় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।