কক্সবাজার অফিস
প্রকাশ : ১৫ মিনিট আগে
মুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৩১৭ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারে টেকনাফের বাহারছড়া সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ৭ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নেব বড়ডেইল এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার শেষবিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকা সংলগ্ন সাগরে মালয়েশিয়াগামী লোকজনবোঝাই একটি ট্রলার অবস্থানের খবর পায় কোস্টগার্ড। পরে কোস্টগার্ড সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে রাত ৮টার দিকে জব্দ করা ট্রলারটি বড়ডেইল উপকূলে নিয়ে আসতে সক্ষম হয়।
সুমন আল মুকিত জানান, ট্রলার থেকে ৩১৭ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং পাচারকাজে জড়িত ৭ জন দালালকে আটক করা হয়েছে। উদ্ধারদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি এবং ৪৭ জন রোহিঙ্গা নাগরিক। এদের মধ্যে ৪ জন শিশু, ১৮ জন নারী ও ২৯৫ জন পুরুষ রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর উদ্ধার ভুক্তভোগী ও আটক দালালদের কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে রাখা হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ শেষে ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য পরবর্তীতে গণমাধ্যমে অবহিত করা হবে বলেও জানান তিনি।