জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ৯ মিনিট আগে
প্রাচীন অষ্টধাতুর রাধা-কৃষ্ণ ও গরুর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাট সীমান্তে ছোট যমুনা নদীর পাড় থেকে প্রাচীন অষ্টধাতুর রাধা-কৃষ্ণ ও গরুর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা মূর্তিটির ওজন ১৪ কেজি ৯০০ গ্রাম।মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।
রবিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট ২০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর
আগে শনিবার রাত দেড়টার দিকে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্তের কাছাকাছি
ছোট যমুনা নদীর পাড়ে একটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। প্রত্নতাত্ত্বিক
নিদর্শন পাচারকারী চক্রের সদস্যরা সুযোগ বুঝে মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা করতে পারে।
পরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অভিযান চালায়। সীমান্তের মেইন
পিলার ২৮৪/৯ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেইলি ব্রিজসংলগ্ন ছোট যমুনা নদীর
পাড়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা
পালিয়ে যায়।
বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ
৩৩ হাজার ২৫০ টাকা।