মোহাম্মদ আলী, রাঙামাটি
প্রকাশ : ১৪ মিনিট আগে
ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিবি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনের হেলিপ্যাডের ওপর একসঙ্গে তিনটি অপরিচিত ও সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। শুক্রবার রাত ১০টার দিকে ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর সেগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে বিজিবি।
একই সঙ্গে আশপাশের সব সীমান্ত ফাঁড়িতে (বিওপি) সতর্কতা জারি করা হয়েছে। তবে ড্রোনগুলো কারা, কোথা থেকে এবং কী উদ্দেশ্যে উড়িয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সীমান্তবর্তী বাঘাইছড়ির আকাশে লাল ও সাদা রঙের আলো জ্বালানো অবস্থায় ড্রোনগুলো উড়তে দেখা যায়। ড্রোন ওড়ার বিষয়টি নজরে আসতেই নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক অবস্থান নেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাতের ওই ভিডিওতে অন্ধকার আকাশের দিকে তাক করে বিজিবি সদস্যদের রাইফেল দিয়ে গুলি ছুড়তে দেখা যায়; এ সময় আকাশে আলোর ঝলকানিও চোখে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। শনিবার সন্ধ্যায় টেলিফোনে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ড্রোনগুলো উড়তে দেখে ১৫ রাউন্ড গুলি করা হয়। ড্রোনগুলোর উৎস কী এবং গুলির পর এগুলোর কী হয়েছে, এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।’
ড্রোনগুলো সীমান্তের ওপার অর্থাৎ ভারত থেকে পাঠানো হয়েছে কি নাÑ এমন প্রশ্নের জবাবে জোন কমান্ডার বলেন, ‘এমন সম্ভাবনা খুবই কম। কারণ, সীমান্ত থেকে প্রায় ১৬-১৭ কিলোমিটার ভেতরে আমাদের আকাশে ড্রোনগুলো উড়ছিল। পাহাড়ে সশস্ত্র গোষ্ঠী রয়েছে। তারাই কোনো উদ্দেশ্য নিয়ে এসব ড্রোন উড়িয়েছে কি না, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।’
এদিকে ড্রোন ওড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ সোলাইমান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এরকম ড্রোন ওড়ার খবর আগে শুনিনি। এটা খুবই উদ্বেগজনক।’
অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কয়েক দিন ধরে বাঘাইছড়ির সাজেক ও ভারতের মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ এ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ থেকে দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।