জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর
প্রকাশ : ৭ মিনিট আগে
মজুরি বৃদ্ধির দাবিতে অর্ধ মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনের পর গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। মজুরি বোর্ড সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ করে নতুন কাঠামো ঘোষণার পর সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের বিরতি শেষে শনিবার সকাল থেকে অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন শুরু হয়েছে।
তবে আন্দোলনের সময় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনও খোলেনি। অন্যদিকে রাজেন্দ্রপুরে একটি কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিক বিক্ষোভের জেরে আশপাশের আরও পাঁচটি কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শনিবার সকাল থেকেই শ্রমিকদের সুশৃঙ্খলভাবে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা যায়। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেছেন, ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ী, শিরিরচালা, বাঘের বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী, আসপাডা, আনসার রোড ও বেড়াইদেরচালা এলাকার কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি বাদে বাকি সব কারখানাই উৎপাদনে ফিরেছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসপি আমজাদ হোসাইন জানান, শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা মাঠে কাজ করছেন।

সকালে কর্মস্থলে প্রবেশের পথে অনেক শ্রমিককে নতুন মজুরি নিয়ে ইতিবাচক আলোচনা করতে শোনা গেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মজুরি বোর্ড সম্প্রতি এ কাঠামো ঘোষণা করে। ইমন ফ্যাশনের শ্রমিক জান্নাতি আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুন মজুরি ঘোষণা করেছে, যা সঠিক ও সুন্দর হয়েছে।’ ডিবিবিএল গ্রুপের শ্রমিক রাশেদুল ইসলাম বলেন, ‘এখন আন্দোলন না করে কাজে যোগ দিয়ে মালিকপক্ষকে উৎপাদনে সহযোগিতা করা দরকার।’ মালিকদের ক্ষতি পুষিয়ে নিতে আর কোনো আন্দোলন না করতে সহকর্মী ও শ্রমিক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
শ্রীপুরের এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান জয়নাল আবেদীন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘টানা আন্দোলনের কারণে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হয়ে কারখানার মালিকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এখন সবাই আবার কাজে ফিরছেন। আমরা ঘুরে দাঁড়াব বলে আশাবাদী।’
রাজেন্দ্রপুরে কারখানা বন্ধ ঘিরে বিক্ষোভ
এদিকে গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুরের বাংলাবাজার এলাকায় নোমান গ্রুপের নোমান টেরি টাওয়াল মিলস লিমিটেডের কারখানাটি শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে শনিবার সকালে ৪০০ থেকে ৫০০ শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে প্রতিষ্ঠানটি খুলে দেওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা পাশের স্টারলিং গ্রুপের লায়লা স্টাইলস কারখানার ফটকে ধাক্কাধাক্কি করলে কর্তৃপক্ষ সকাল ৯টার দিকে এক দিনের জন্য কারখানা ছুটি দিতে বাধ্য হয়। বিক্ষোভের খবর ছড়িয়ে পড়লে আশপাশের জিএম ফেব্রিকস, ইপিলিয়ন, আম্বার টেক্সটাইল ও হাবিতুস গার্মেন্টসও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা আম্বার টেক্সটাইলের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
নোমান টেরি টাওয়াল মিলসের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সাইফুল ইসলাম জানান, তাদের কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। বুধবার সকালে তারা কারখানায় ঢুকে কাজ না করে বেরিয়ে যান এবং পরদিন বিভিন্ন দাবি তুলে ধরেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি ও শ্রমিক প্রতিনিধিদের (পিসি সদস্য) মাধ্যমে বোঝানোর চেষ্টা করেও তাদের কাজে ফেরানো যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। শনিবার বিক্ষোভরত শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বসার প্রস্তাব দিলেও তারা রাজি হননি।