নিরসনে মেগা প্রকল্পের প্রাক-পরিদর্শন ৪ মন্ত্রীর
যশোরের অভয়নগর উপজেলার ভবদাহ স্লুইচগেট-সংলগ্ন ভবদহ মহাবিদ্যালয় মাঠে শনিবার বিকাল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সরকার পরিবর্তন হয়েছে বারবার, কিন্তু দীর্ঘদিনেও সমাধান হয়নি যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা সমস্যার। বছরের পর বছর ধরে এ দুর্ভোগে ভুগছেন এলাকার লাখো মানুষ। এবার ভবদহের পানি নিষ্কাশনে নানা পরিকল্পনা হাতে নেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের ১০ থেকে ১২ লাখ মানুষের জীবনমানের উন্নয়ন হবে।
যশোরের অভয়নগর উপজেলার ভবদাহ স্লুইচগেট-সংলগ্ন ভবদাহ মহাবিদ্যালয় মাঠে শনিবার বিকাল ৪টায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রীর ভাষ্য, অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে; কিন্তু ভবদহের জলাবদ্ধতার সমাধান হয়নি। বিগত সরকারের আমলে ১৭ বছর পার হলেও এ অঞ্চলের মানুষের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা যায়নি।
তিনি বলেন, “নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। ক্ষমতায় আসার আট মাসের মাথায় জনগণের সেই প্রত্যাশা পূরণ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় খাল খনন ও পুনঃখননের কাজ করা হয়েছে।“
মন্ত্রীর দাবি, ১৭ বছর যারা ক্ষমতায় ছিল, তারা ব্যক্তিস্বার্থে কাজ করেছে। বড় বড় প্রকল্পের মাধ্যমে দুর্নীতি করেছে, জনগণের কথা ভাবেনি। তিনি বলেন, “বিএনপি সরকার জনগণের সরকার। তাই জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে খাল খনন ও পুনঃখননের কাজ হাতে নেওয়া হয়েছে।”
এরই ধারাবাহিকতায় ভবদাহ অঞ্চলের মানুষের দুর্ভোগ বিবেচনায় পানি নিষ্কাশনের জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের ১০ থেকে ১২ লাখ মানুষের জীবনমানের উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন এ্যানি।
ভবদাহের জলাবদ্ধতা দূর হলে বাড়বে কৃষি উৎপাদন অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, “বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের হাত শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হবে। জলাবদ্ধতা দূর করে কৃষি উৎপাদন বাড়াতে পারলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে।”
এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী নিজে গত কয়েক সপ্তাহ ধরে ভবদাহের জলাবদ্ধতা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন উল্লেখ করে তিনি জানান, এ কারণেই আজ যশোরে একসঙ্গে চার মন্ত্রী ও একজন সচিব উপস্থিত হয়েছেন। ভবদাহ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করাই এ উদ্যোগের উদ্দেশ্য। জলাবদ্ধতা দূর করা সম্ভব হলে এ অঞ্চলে বিপুল পরিমাণ ফসল উৎপাদন করা যাবে, যা রাষ্ট্রীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এনামুল গাজী, পুলিশ সুপার রফিকুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাত ৮টায় চার মন্ত্রী ও একজন সচিব বিমানে যশোরে পৌঁছান। রাত সাড়ে ৮টায় তারা যশোর সার্কিট হাউসে যান এবং সেখানে রাতযাপন করেন।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ভবদাহ অঞ্চলের ১২ লাখ মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন তারা।
পরে অভয়নগরের ভবদহ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টার দিকে তারা যশোর সার্কিট হাউসে ফিরে যান। সেখান থেকে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।