× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিডি মহাপরিকল্পনায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৬ মিনিট আগে

মিডি মহাপরিকল্পনায় ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

শুধু তাই নয়, এসব বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চাহিদা মেটাতে ২০৪০ সাল নাগাদ বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের এলএনজি আমদানি করতে হতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণের বোঝা ও জ্বালানি নিরাপত্তার ওপর বাড়তি চাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ধরা’র আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী।


এ সময় ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির (জ্যাকসেস) প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে, অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

প্রতিবেদন অনুযায়ী, মিডি মহাপরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ ১৩ হাজার মেগাওয়াট নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হতে পারে ১৯ বিলিয়ন ডলার। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণে প্রয়োজন হতে পারে আরও এক বিলিয়ন ডলার। সব মিলিয়ে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে প্রায় ২০ বিলিয়ন ডলার।

এ বিনিয়োগের পাশাপাশি এলএনজি আমদানির ব্যয়ও বাংলাদেশের জন্য বড় উদ্বেগের কারণ হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪০ সালে বছরে প্রায় ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলে এতে ব্যয় হবে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যম মূল্য পরিস্থিতিতে ব্যয় দাঁড়াবে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর দাম বেশি থাকলে তা বেড়ে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়, দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানিনির্ভরতা ক্রমেই বাড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি কিংবা ভূরাজনৈতিক অস্থিরতায় সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ ও শিল্প খাতে সংকট আরও তীব্র হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এলএনজির মূল্যবৃদ্ধিতে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনাও এতে তুলে ধরা হয়েছে।

মিডি পরিকল্পনায় জাপানের সরকারি সংস্থা জাইকা, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতাও প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

আর্থিক ঝুঁকির পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার ওপর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অন্তত ২০ হাজার লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদনকারীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত গ্যাস ও কয়লাভিত্তিক প্রকল্পগুলোর পুরো কার্যকাল বিবেচনায় এক বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে এলএনজির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুতের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগ বাড়ালে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদার করা সম্ভব।

প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘমেয়াদে ব্যয়বহুল এলএনজিনির্ভর অবকাঠামো সম্প্রসারণের চেয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জ্বালানি নিরাপত্তার জন্য অধিক টেকসই বিকল্প হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা