পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ৪০ মিনিট আগে
আপডেট : ২২ মিনিট আগে
মুখোশধারী দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের ওই শাখার সামনে এসে প্রধান ফটক লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এতে ব্যাংকের প্রধান ফটকে আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শনিবার ভোর ৫টার দিকে উপজেলার কাশিয়াইশ
ইউনিয়নের পিংলা এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যাংক ও পুলিশ জানায়, ভোরে দুই থেকে তিনজন মুখোশধারী দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের
ওই শাখার সামনে এসে প্রধান ফটক লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এতে ফটকে
আগুন ধরে যায়। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত অগ্নিনির্বাপণ
যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি দল
ঘটনাস্থল পরিদর্শন করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
জিয়াউল হক বলেন, ভোরে ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। “আমরা একটি
ফুটেজ সংগ্রহ করেছি, যেখানে কাউকে কিছু একটা ছুড়ে মারতে দেখা যাচ্ছে।
ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের
শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
গ্রামীণ ব্যাংকের পটিয়া এরিয়া ম্যানেজার
কামরুল হাসান বলেন, কয়েকজন মুখোশধারী ব্যাংকের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ
করে। এতে ফটকে আগুন ধরে গেলেও নৈশপ্রহরীর তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।