কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদার। ফাইল ছবি
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা থেকে রাঙ্গুনিয়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের চাচাতো ভাই সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজস্থলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে রাজস্থলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ জন্য শুক্রবার মধ্যরাত থেকেই রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজস্থলী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরজামান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুলিশের কাছে তথ্য ছিল। একই সঙ্গে সাজ্জাদ তালুকদার নামের ওই ব্যক্তির বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সাজ্জাদ তালুকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।