রূপগঞ্জে ৪০০ মিটার বেহাল সড়ক
সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ৪০ মিনিট আগে
রূপগঞ্জে ৪০০ মিটার বেহাল সড়ক, চলাচলে চরম দুর্ভোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা সেতু ও ডেমরা-ফজুর বাড়ির মোড় হয়ে ৩০০ ফুট সড়কের বাগবেড় অংশে প্রায় ৪০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে।
গুরুত্বপূর্ণ এই সড়কের সামান্য অংশের বেহাল দশার কারণে স্থানীয়দের পাশাপাশি কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কক্সবাজারসহ প্রায় ১৭ জেলার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকা শহরগামী যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এসব গর্তে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উল্টে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা, বিকল হচ্ছে মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা মেরামত করা হলেও কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে সড়কটি। তাই দ্রুত স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যানবাহনচালকরা। তবে দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন উপজেলা ইউএনও।
জানা গেছে, শীতলক্ষ্যা সেতু ও ডেমরা-ফজুর বাড়ির মোড় হয়ে ৩০০ ফুট সড়কটি রূপগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাজধানী ঢাকা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে সড়কটি ব্যবহার করেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ। কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কক্সবাজারসহ প্রায় ১৭ জেলার মানুষ সহজ ও তুলনামূলক কম দূরত্বের পথ হিসেবে এই সড়ক ব্যবহার করেন।

গুরুত্ব বিবেচনায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ১৬ কিলোমিটার সড়কটি ৮৫ কোটি টাকা নির্মাণ বয়ে বিভিন্ন অংশ আরসিসি ঢালাই ও বিটুমিন দিয়ে নির্মাণ করা হয়েছে। তবে, বাগবেড় বাজার থেকে ৩০০ ফুট সড়কসংলগ্ন প্রায় ৪০০ মিটার অংশ বাদ রেখেই নির্মাণকাজ শেষ করা হয়। ফলে পুরো সড়কটি চলাচলের উপযোগী থাকলেও এই সামান্য অংশের বেহাল অবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, বাগবেড় বাজারসংলগ্ন সড়কের প্রায় ৪০০ মিটার অংশের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও পিচ উঠে গেছে, আবার কোথাও সড়কের অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চলাচল করতে গিয়ে চালকদের হিমশিম খেতে হচ্ছে। পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ও ব্যবহৃত পানি জমে সড়কের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে।
এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন বিমানবন্দরগামী মাইক্রোবাস ও প্রাইভেটকারের চালকরা। বড় গর্তে চাকা পড়ে অনেক সময় যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধীরগতিতে চলাচল করতে গিয়ে তৈরি হচ্ছে যানজট। অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশা ও ছোট যানবাহন গর্তে পড়ে উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। এতে যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে।

চট্টগ্রাম থেকে এয়ারপোর্টগামী মাইক্রোবাসচালক আক্কাস আলী বলেন, সহজ পথ হিসেবে আমরা এই সড়ক ব্যবহার করে থাকি। কিন্তু সড়কের অল্প কিছু অংশ বেহাল অবস্থায় থাকায় প্রতিবারই ভোগান্তির শিকার হতে হয়। বড় বড় গর্তের কারণে গাড়ি চালাতে খুব সমস্যা হয়। অনেক সময় গাড়ি বিকল হয়ে পড়ে। পুরো সড়ক ভালো থাকলেও এই সামান্য অংশের কারণে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুমিল্লা থেকে আসা এয়ারপোর্টগামী প্রাইভেটকারচালক আলী হোসেন বলেন, ঢাকা শহরের এত কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থা মেনে নেওয়া কঠিন। প্রতিদিন অসংখ্য গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যাত্রীদের নিয়ে ঝুঁকি মাথায় রেখে গাড়ি চালাতে হয়।
সৌদি আরবপ্রবাসী মতিন মিয়া বলেন, পুরো সড়ক ভালো থাকলেও এই অল্প অংশে এসে দুর্ভোগের শেষ থাকে না। তখন সত্যিই মন খারাপ হয়ে যায়। মনে হয়, আমরা কোন দেশে বসবাস করছি! বেহাল সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে শরীরের ওপর প্রচণ্ড ধকল যায়। বিশেষ করে দীর্ঘ ভ্রমণ শেষে বাড়িতে ফেরার সময় এই সড়কের কারণে আরও বেশি কষ্ট পোহাতে হয়।
বাগবেড় বাজারের ব্যবসায়ী জাহেদ আলী বলেন, দীর্ঘদিন ধরে বাগবেড় থেকে ৩০০ ফুট সড়কসংলগ্ন প্রায় ৪০০ মিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মাঝেসাঝে মেরামত করা হলেও স্থায়ীভাবে নির্মাণ করা হচ্ছে না। পুরো সড়ক ভালো থাকলেও এই অল্প অংশের কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটি স্থায়ীভাবে নির্মাণের দাবি জানাই।
আলমপুর এলাকার ব্যবসায়ী শরীফ মিয়া বলেন, কয়েক দিন পরপর সড়কটিতে লোকদেখানো মেরামত করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার আগের মতো ভাঙাচোরা হয়ে যায়। এভাবে সাময়িক মেরামত করে কোনো লাভ হচ্ছে না। শুরু থেকেই পরিকল্পিতভাবে পাকাপোক্ত নির্মাণকাজ করা হলে সাধারণ মানুষকে বারবার এই ভোগান্তিতে পড়তে হতো না।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির বেহাল অবস্থার কারণে শুধু যানবাহন চলাচলেই সমস্যা হচ্ছে না, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী নিয়ে যাতায়াত, বিমানবন্দরে যাওয়া-আসা এবং দূরপাল্লার যাত্রী পরিবহনে বাড়তি সময় ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই জনস্বার্থে সড়কটির স্থায়ী সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা নির্মাণেরও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, সড়কের এই অংশটুকু পূর্বাচল উপশহরের সীমানার মধ্যে পড়েছে। এ কারণে ওই অংশ বাদ রেখেই নির্মাণকাজ শেষ করতে হয়েছে। তারপরও এই সড়কে মানুষের চলাচলের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সংস্কার করে দেওয়া হয়। এবার রাগ যোগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সড়কটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটির প্রায় ৪০০ মিটার অংশ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে নির্মাণ করবে। পাশাপাশি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, যানবাহনচালক ও এয়ারপোর্টগামী হাজারো মানুষ।