ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩৯ মিনিট আগে
শুক্রবার জাফলংসহ বিভিন্ন স্থান ঘুরে রাতে আনন্দ সফর শেষে বাসযোগে যশোরের উদ্দেশে ফিরছিলেন তারা। রাত আনুমানিক ২টার দিকে ভৈরবের জগন্নাথপুর এলাকায় সেতুর ঢালে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর
এলাকায় ব্রহ্মপুত্র সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, যশোরের বিভিন্ন এলাকা ও এমএম কলেজের প্রায় ৪৫ থেকে ৫০ জন শিক্ষার্থী ও
কর্মী বৃহস্পতিবার রাতে সিলেট সফরের উদ্দেশে রওনা হন। শুক্রবার জাফলংসহ বিভিন্ন স্থান
ঘুরে রাতে বাসযোগে যশোরের উদ্দেশে ফিরছিলেন তারা। রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে
ভৈরবের জগন্নাথপুর এলাকায় সেতুর ঢালে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় অন্তত ১৯ জন আহত হন। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের
উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়েছে।
আহত যাত্রী শাকিব মিয়া বলেন, আমরা শিক্ষা ও আনন্দ সফরে সিলেটে গিয়েছিলাম। ফেরার পথে
ভৈরবে বাসটি খাদে পড়ে গেলে প্রায় ২৫-২৬ জন আহত হই। আমিসহ ১৯ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি এবং ৩টি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এসেছি। আমাদের মধ্যে চারজনের
অবস্থা আশঙ্কাজনক।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওহাব বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা
দেওয়ার চেষ্টা করা হয়েছে। ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। বাড়ি দূরে হওয়ায় এবং উন্নত
চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সযোগে তাদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন জানান, যশোরের এমএম কলেজের শিক্ষার্থীরা
শিক্ষা সফরে সিলেটে গিয়েছিলেন। ফেরার পথে নড়াইল এক্সপ্রেস নামে বাসটি দুর্ঘটনার কবলে
পড়ে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। চিকিৎসা
শেষে গুরুতর আহতদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের বিকল্প বাসের
ব্যবস্থায় যশোরের উদ্দেশে পাঠানো হয়েছে।