× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত ৫ যুবক, দালালচক্রের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

ভুক্তভোগী যুবকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী যুবকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পর্তুগালের ভিসা পাওয়ার আশায় ভারতে গিয়ে দালালচক্রের হাতে জিম্মি হয়ে ৯ লাখ ৭০ হাজার টাকা খুইয়েছেন পাঁচ বাংলাদেশি যুবক। দেশে ফেরার পর তাদের আটক করা হলেও পুলিশি যাচাইয়ে তারা বৈধভাবে ভারতে ঢুকে ছিলেন বলে জানা গেছে। 

এ ঘটনায় ভারতের এক দালালকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীদের একজন।

পুলিশ বলছে, প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়েছে। ওই হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে পরশুরাম থানার ওসি আশরাফুল ইসলাম এসব তথ্য জানান।

ওসি বলেন, ভারতে একটি চক্র পাঁচ যুবককে জিম্মি করে তাদের পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। মামলায় ভারতের ওই দালালকে প্রধান আসামি করা হয়েছে। তবে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি ভুক্তভোগীরা। তদন্তে ওই দালালের সঙ্গে বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ হিসাবের সূত্র ধরে বাংলাদেশে চক্রটির সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, আটক পাঁচ যুবক ভিন্ন জেলার বাসিন্দা হওয়ায় তাদের জবানবন্দি রেকর্ডের জন্য শুক্রবার আদালতে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। তদন্তের স্বার্থে আপাতত আসামিদের বিস্তারিত তথ্য জানানো হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় পাঁচ যুবক ও তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার অভিযোগ উঠলেও পুলিশি যাচাইয়ে জানা যায়, পাঁচ যুবক বৈধভাবেই ভারতে ঢুকে ছিলেন। সেখানে গিয়ে তারা দালালচক্রের প্রতারণার শিকার হন।

পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে তারা আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে একটি দালালচক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর, বীর চন্দ্রনগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার পর তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে সুবার বাজার সড়ক দিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন। চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়। পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের আটক করেন।

আতাহার হোসেন পাপরুল জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা নিয়মিত পাহারা দিচ্ছেন। পাহারা দেওয়ার সময় তাদের আটক করা হয়। পরে অনুপ্রবেশের বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক পাঁচ যুবক হলেনÑ নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিনগর এলাকার সাজিদুল ইসলাম, মোকসিদুল ইসলাম, দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন, আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা ও কাশিনগর এলাকার কামাল উদ্দিন। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক বেলাল হোসেন। তিনি পরশুরাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা