× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া বার সমিতির নির্বাচন

আতাউর রহমান-ওহাব প্যানেলের পূর্ণ জয়, অভিনন্দন জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া অফিস

প্রকাশ : ৪৮ মিনিট আগে

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  আব্দুল ওহাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত আতাউর রহমান-আব্দুল ওহাব প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদেই প্যানেলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। 

এই বিজয়ে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়ার গওহর আলী বার ভবনে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আতাউর রহমান, সহসভাপতি পদে অ্যাডভোকেট রেজাউল বারী তারা ও অ্যাডভোকেট রহমতুল বারী তালুকদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট  আব্দুল ওহাব নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট ফারুক আহমেদ ও অ্যাডভোকেট আ. ন. ম. বজলুর রশীদ (শাহীদ), লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আশাবুজ্জামান আশিব, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট এ. কে. এম. আকিল আহম্মেদ মোমিন, সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফী এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আল-আমিন (রাসেল বিজয়ী হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এনামুল হক (১), অ্যাডভোকেট খায়রুল আলম, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন, অ্যাডভোকেট সুলতানা খাতুন ও অ্যাডভোকেট সেলিম রানা।

বার সমিতির ৯৫৩ জন ভোটারের মধ্যে ৮৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল ১৫টি পদে এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সহসভাপতির দুটি পদের বিপরীতে ল’ইয়ার্স কাউন্সিল একজন প্রার্থী দেয়।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সহকর্মী আইনজীবীরা আনন্দ-উল্লাস করেন। নবনির্বাচিত নেতারা আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, কল্যাণ এবং বার সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পূর্ণ প্যানেলে এই বিজয় নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আইনজীবী সমাজের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। এ বিজয়ের মধ্য দিয়ে তাদের ওপর অর্পিত দায়িত্ব ও প্রত্যাশা আরও বেড়েছে।

বগুড়ার আইন অঙ্গনের ঐতিহ্য, পেশাগত মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রেখে নবনির্বাচিত নেতারা ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবের নেতৃত্বে বার সমিতি আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হবে।

এ বিজয়ে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলকে নির্বাচিত করায় ভোটারদের পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানান প্রতিমন্ত্রী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা