× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষাঙ্গন

শ্রেণিকক্ষ পেরিয়ে শিক্ষার্থীর ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াচ্ছেন আসিয়া বারির শিক্ষকরা

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ৪১ মিনিট আগে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাত তখন ১০টা পার হয়েছে। অধিকাংশ মানুষ যখন দিনের কাজ শেষে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন, তখনও শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতে বাড়ি বাড়ি ছুটছেন একদল শিক্ষক। 

কেউ খোঁজ নিচ্ছেন শিক্ষার্থী নিয়মিত পড়ার টেবিলে বসছে কি না, কেউ অভিভাবকদের সঙ্গে কথা বলে জানছেন পড়াশোনার পরিবেশ। প্রয়োজনে ৩০ কিলোমিটার দূরের বাড়িতেও পৌঁছে যাচ্ছেন তারা। এভাবে কখনো রাত ১১টা পর্যন্ত চলে শিক্ষকদের তদারকি।

এটি কোনো বিশেষ আয়োজন নয়। বরং শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বাড়িতেও পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উদ্যোগ। শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, সমৃদ্ধ পাঠাগার, বিজ্ঞানচর্চা, হাতে-কলমে কম্পিউটার শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীর বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়ার এই উদ্যোগ প্রতিষ্ঠানটিকে দিয়েছে আলাদা পরিচিতি।

ঐতিহাসিক ইশা খাঁর স্মৃতিবিজড়িত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৪ নম্বর এগারসিন্দুর ইউনিয়নে ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। মাত্র দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে বর্তমানে পড়াশোনা করছে প্রায় এক হাজার শিক্ষার্থী। শিক্ষক রয়েছেন ৪০ জন। কর্মচারীসহ প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ৭০ জন। প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে অবস্থিত হলেও প্রযুক্তিনির্ভর পাঠদান, নিয়মিত তদারকি ও ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছে।

বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুধু পাঠ্যবই ও পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলির বিকাশে রয়েছে নিজস্ব পরিকল্পনা। মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পাশাপাশি রয়েছে বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব, প্রায় আড়াই হাজার বইয়ের পাঠাগার, বোটানিকেল গার্ডেন, ক্যান্টিন, পরিবহন ও আবাসিক সুবিধা। বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বিভিন্ন ক্লাবভিত্তিক কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

পাঠদানে নজরদারি, রয়েছে নিজস্ব মনিটরিং ব্যবস্থা

শিক্ষার গুণগত মান ধরে রাখতে বিদ্যালয়ে চালু রয়েছে বিশেষ একাডেমিক মনিটরিং ব্যবস্থা। কোন শিক্ষক কখন শ্রেণিকক্ষে ঢুকছেন, কী বিষয়ে পাঠদান করছেন, কখন বের হচ্ছেন এবং শিক্ষার্থীদের কী বাড়ির কাজ দিচ্ছেনÑএসব তথ্য নির্ধারিত ক্লাস রেজিস্টারে সংরক্ষণ করা হয়। বছরের যেকোনো দিনের পাঠদানসংক্রান্ত তথ্য এই রেজিস্টার থেকে যাচাই করার সুযোগ রয়েছে।

প্রধান শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গঠিত মনিটরিং টিম নিয়মিত শ্রেণিকক্ষে গিয়ে পাঠদানের অগ্রগতি পর্যবেক্ষণ করে। শুধু পাঠদান সম্পন্ন করাই নয়, শিক্ষার্থীরা বিষয়গুলো কতটুকু বুঝতে পেরেছে, তা-ও যাচাই করা হয়।

যেসব শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে রয়েছে, তাদের আলাদাভাবে চিহ্নিত করে নেওয়া হয় বিশেষ ক্লাস। নিয়মিত পাঠদানের বাইরে দুপুর ২টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে বাড়তি পাঠদান। বিষয়ভিত্তিক শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেন।

এর পাশাপাশি শিক্ষার্থীদের বাড়ির পড়াশোনাও নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। সন্ধ্যার পর শিক্ষকদের দল শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের পড়ার পরিবেশ, উপস্থিতি ও প্রস্তুতির খোঁজ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শ্রেণিকক্ষের পাঠদান এবং বাড়িতে নিয়মিত পড়াশোনাÑদুইয়ের সমন্বয়ই ভালো ফলাফলের অন্যতম ভিত্তি।

পাঠাগারে বই পড়া বাধ্যতামূলক, বাড়ছে জানার আগ্রহ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়লেও বই পড়ার অভ্যাস ধরে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২১ সালে প্রতিষ্ঠিত পাঠাগারটিতে রয়েছে প্রায় আড়াই হাজার বই। গল্প, কবিতা, উপন্যাস, বিজ্ঞান কল্পকাহিনি, শিল্প-সাহিত্যসহ নানা বিষয়ের বই রয়েছে সেখানে।

প্রতিদিন প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের জন্য বই পড়ার নির্দিষ্ট সময় রাখা হয়েছে। রুটিন অনুযায়ী অন্তত একটি ক্লাসে পাঠাগারে গিয়ে বই পড়ার সুযোগ পায় তারা। এতে পাঠ্যবইয়ের বাইরেও বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে।

নবম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা জানায়, পাঠাগারে বিভিন্ন ধরনের বই পড়ার সুযোগ রয়েছে। এসব বই থেকে নতুন নতুন বিষয় জানা যায় এবং জ্ঞানের পরিধি বাড়ে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন সমৃদ্ধ পাঠাগার থাকা প্রয়োজন বলে মনে করে সে।

দশম শ্রেণির শিক্ষার্থী এম এসটি আলফি বলে, আমাদের বিদ্যালয়ের পাঠাগারে আড়াই হাজারের বেশি বই রয়েছে। বিজ্ঞান কল্পকাহিনি, গল্প, কবিতা, উপন্যাস ও শিল্প-সাহিত্যসহ বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। ছোট-বড় সবাই আনন্দের সঙ্গে বই পড়ে। এখন অনেকেই মোবাইল ফোনে বেশি সময় কাটায়। কিন্তু আমাদের বিদ্যালয়ে পাঠাগার থাকায় নিয়মিত হাতে বই পড়ার সুযোগ পাচ্ছি। এতে বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে এবং জ্ঞান ও চিন্তাশক্তি সমৃদ্ধ হচ্ছে।

শ্রেণিকক্ষেই পাঠ শেষ, প্রাইভেটের চাপ কম

বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থীরাও। নবম শ্রেণির শিক্ষার্থী আফসানা জামান প্রার্থনা বলে, আমাদের বিদ্যালয়টি উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। নিয়মিত পাঠদানের পাশাপাশি এখানে বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব, পাঠাগার, ক্যান্টিন ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ রয়েছে। দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য নিজস্ব বাসের ব্যবস্থা আছে। শিক্ষকদের আন্তরিকতার কারণে শ্রেণিকক্ষেই অধিকাংশ পড়া শেষ হয়ে যায়। তাই আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জামিরা সিনহা ফাইজাও শিক্ষকদের যত্নশীল পাঠদানের প্রশংসা করে। তার ভাষায়, আমাদের শিক্ষকরা অত্যন্ত যত্নসহকারে পড়ান। প্রতিটি বিষয় ভালোভাবে বুঝিয়ে দেন। ফলে শ্রেণিকক্ষেই অধিকাংশ পড়া শেষ করতে পারি। আলাদা করে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না। শিক্ষকদের আন্তরিকতা ও যত্নশীল পাঠদানের কারণে পড়াশোনা আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে।

প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শুধু প্রচলিত পাঠদান নয়, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ভাষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে তুলতে কাজ করছে বিদ্যালয়টি। ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মেহেরুন নেসা দোলা বলেন, ছোট শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শেখার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ যত্ন নেওয়া হয়। ছড়া, ফোনিক্স ও গণিতের পাঠ মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে ইসিডিপি এবং বাংলা ভাষার দক্ষতা উন্নয়নে বিসিডিপিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমে শিক্ষার্থীরা নিজেদের, পরিবার ও বিদ্যালয় সম্পর্কে সাবলীলভাবে কথা বলার অনুশীলন করে।

শিক্ষক তৌহিদুল ইসলাম বলেন, জাতীয় শিক্ষাক্রমের পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব বার্ষিক শিক্ষা পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা কম্পিউটার শিক্ষা, বিজ্ঞানচর্চা, বোটানিক্যাল গার্ডেন, ল্যাবরেটরি ও বিভিন্ন ক্লাব কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়। এতে তাদের ব্যবহারিক জ্ঞান ও সৃজনশীলতা বাড়ছে।

ইংরেজি বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠাতা পরিবারের লক্ষ্য ছিল গ্রামীণ পরিবেশে আধুনিক শিক্ষার সুযোগ তৈরি করা। সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সম্মিলিতভাবে কাজ করছেন। এখান থেকে পড়াশোনা শেষ করে সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনকারী নয়, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখতে সক্ষম মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা।

ফলাফলেও ধারাবাহিক সাফল্য

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম জানান, প্রতিষ্ঠানটি প্রায় ১০ বছর ধরে শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখেছে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি জেলা পর্যায়েও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনের সাফল্য রয়েছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএর ভিত্তিতে জেলায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিদ্যালয়টি।

তিনি জানান, শুধু পরীক্ষার ফলাফল নয়, বিজ্ঞান ও প্রযুক্তি, বিতর্ক, সাংস্কৃতিক কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতায়ও শিক্ষার্থীরা সাফল্য অর্জন করছে। চলতি বছর জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতায় সেরা ১০১টি প্রকল্পের মধ্যে বিদ্যালয়ের একটি প্রকল্প স্থান পেয়েছে। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় রয়েছে একাধিক পুরস্কার।

অভিভাবক ঝুমা আক্তার বলেন, শিক্ষার সুন্দর পরিবেশ, মানসম্মত পাঠদান ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর কারণেই তিনি সন্তানকে এ বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে তিনি সন্তুষ্ট। যেকোনো প্রয়োজনে শিক্ষক ও কর্তৃপক্ষের কাছে গেলে সহযোগিতা পাওয়া যায়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও ইংরেজি ভাষার দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়। দুর্বল শিক্ষার্থীদের বাড়তি যত্ন নেওয়ায় আলাদা কোচিং বা প্রাইভেট পড়ানোর প্রয়োজন হয় না।

অভিভাবক পলাশ সরকার বলেন, আসিয়া বারি আদর্শ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি উপজেলাবাসীর গর্বের জায়গা। অভিজ্ঞ শিক্ষক, সুন্দর অবকাঠামো এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার সুযোগ শিক্ষার্থীদের এগিয়ে নিচ্ছে। এখানকার শিক্ষার্থীরা একদিন জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে বলে প্রত্যাশা করি।

পরিবহন সম্প্রসারণ ও গার্লস কলেজ চালুর পরিকল্পনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বাড়াতে পরিবহনসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের। বর্তমানে থাকা বাসের সংখ্যা পর্যায়ক্রমে ১০টিতে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। ভবিষ্যতে নরসিংদী, গফরগাঁও ও ময়মনসিংহের কয়েকটি এলাকাতেও পরিবহনসেবা সম্প্রসারণের চিন্তা রয়েছে।

নারীশিক্ষার প্রসারেও নতুন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ে গার্লস কলেজ শাখা চালুর কার্যক্রম এগিয়ে চলছে। এরই মধ্যে কলেজ শাখার জন্য অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ডের অনুমোদনসংক্রান্ত কার্যক্রমের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে অনুমোদন পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষক নূরে আলম বলেন, বিদ্যালয়ের আশপাশের প্রায় ১০ কিলোমিটারের মধ্যে মেয়েদের জন্য কোনো কলেজ নেই। ফলে এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরে যেতে হয়। অনেক পরিবারের পক্ষে সেখানে বাসা ভাড়া নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন। গার্লস কলেজ চালু হলে স্থানীয় মেয়েরা নিজ এলাকায় উচ্চশিক্ষার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, প্রত্যন্ত এলাকায় থেকেও শিক্ষার মান ধরে রাখতে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। দুর্বল শিক্ষার্থীদের বাড়তি পাঠদান থেকে শুরু করে বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজ নেওয়াÑ সব উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা। শিক্ষকদের এই সম্মিলিত প্রচেষ্টায় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা