প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মিনিট আগে
আপডেট : ৮ মিনিট আগে
ছবি: সংগৃহীত
জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও দীর্ঘ জীবনযাপন নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করার উদ্যোগ নিয়েছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপ (GENESENN Group), বাংলাদেশি প্রতিষ্ঠান রেজুভা ওয়েলনেস (Rejuva Wellness) এবং চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড।
এ উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর খুলশী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত ‘চট্টগ্রাম ওয়েলনেস, লনজেভিটি অ্যান্ড হেলথ এডুকেশন ডে’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল—‘১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা: সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ’ (Live to 100: The Future of Wellness, Longevity and Personalized Medicine)। থাইল্যান্ডের জেনেসেন গ্রুপের আয়োজনে এতে সহযোগিতায় ছিল রেজুভা ওয়েলনেস ও খুলশী ক্লাব লিমিটেড।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি এবং ব্যক্তির শারীরিক ও মানসিক প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাসেবার গুরুত্ব তুলে ধরা।
আলোচনায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে আধুনিক চিকিৎসাব্যবস্থার অন্যতম অগ্রাধিকার হচ্ছে রোগাক্রান্ত হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুস্থ দীর্ঘায়ু অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জীবনযাপনের ধরন, পারিবারিক স্বাস্থ্য ইতিহাস ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় নিয়ে চিকিৎসাসেবার পরিকল্পনা করা জরুরি। শুধু মানুষের আয়ু বাড়ানো নয়, বরং দীর্ঘদিন সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় জীবন নিশ্চিত করাই ওয়েলনেস ও প্রতিরোধমূলক সেবার মূল লক্ষ্য।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য পর্যালোচনার ব্যবস্থা রাখা হয়। বিকেলে অনুষ্ঠিত বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষামূলক কর্মশালায় সুস্থভাবে দীর্ঘ জীবনযাপন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক ওয়েলনেস ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা করা হয়। পরে বিশেষজ্ঞদের সঙ্গে অংশগ্রহণকারীদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, সহসভাপতি নাছির উদ্দিন, সাবেক সহসভাপতি বাবু অমল চন্দ্র দাশ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুদ্দিন, কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ও মো. ফখরুল আলম।
এ ছাড়া অনুষ্ঠানে জেনেসেন গ্রুপ থাইল্যান্ডের চিকিৎসক ওম সুচুমফিয়া (Ohm Sudchumphea), প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ডা. শাহরিয়ার, রেজুভা ওয়েলনেসের চেয়ারম্যান ডা. বি এ সাদিক, প্রতিষ্ঠাতা ডা. তাওহিদা রহমান ইরিনসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।