কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ৩৩ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজ সিকদার হত্যা থেকে শুরু করে ২০২৪ সালের হত্যাকাণ্ড- কোনো ঘটনারই বিচার ও ইতিহাসের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে।
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে শুক্রবার বিকাল ৪টার দিকে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে প্রশাসনের কাছে কেউ তদবির করবেন না।” বিএনপি, জামায়াত কিংবা অন্য যে দলেরই হোন না কেন, মাদক কারবারি ও মাদকসেবীদের রক্ষায় কোনো ধরনের সুপারিশ করা যাবে না। একই সঙ্গে আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, “ওই সময়ে আওয়ামী লীগ ও রক্ষীবাহিনীর সন্ত্রাসের ঘটনা ঘটেছে। সে সময় জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।”
১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টারকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে বাংলাদেশের প্রথম গুম হিসেবে উল্লেখ করেন তিনি। সিরাজ সিকদারকে দেশের প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার উল্লেখ করে তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেন।
বিগত ১৬-১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আইনমন্ত্রী অভিযোগ করেন, ওই সময়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা এবং ৬০০ জনকে গুম করা হয়েছে।
পাশাপাশি প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। মাত্র ২০ দিনে ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন বলেও দাবি করেন তিনি। তাদের অনেকে হাত, পা ও চোখ হারিয়েছেন।
আইনমন্ত্রী আরও বলেন, “এত হত্যাকাণ্ড ও নির্যাতনের পরও কেউ কেউ বাংলাদেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে।”
গোপালগঞ্জের লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ করে তিনি হুঁশিয়ারি দেন, মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। এ ধরনের ঘটনা বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দলের নেতাকর্মীরা নীরবে দেখবেন না বলেও মন্তব্য করেন তিনি।
কালীগঞ্জবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, “তাদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ও স্থানীয় সংসদ সদস্য রয়েছেন। এরপরও প্রয়োজন হলে তাকে জানালে সাধ্যমতো সহযোগিতা করবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।