চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর খুলশী ক্লাবে দিনব্যাপী ওয়েলনেস ডে অনুষ্ঠিত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ ও ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্যসেবায় জোর দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রাম ওয়েলনেস, লংজেভিটি অ্যান্ড হেলথ এডুকেশন ডে’।
‘লিভ টু ১০০ : দ্য ফিউচার অব ওয়েলনেস, লংজেভিটি অ্যান্ড পারসোনালাইজড মেডিসিন’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে থাইল্যান্ডভিত্তিক জেনেসেন গ্রুপ ও খুলশী ক্লাব লিমিটেডের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার নগরীর খুলশী ক্লাবে দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজনে সহযোগী ছিল রেজুভা ওয়েলনেস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এমএ করিম, জেনেসেন গ্রুপ থাইল্যান্ডের চিকিৎসক ওম সুচুমফিয়া ও পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক) ডা. শাহরিয়ার এবং ক্লাবের নেতা, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বে চিকিৎসা ব্যবস্থার অন্যতম অগ্রাধিকার হচ্ছে রোগ প্রতিরোধ, আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুস্থ ও দীর্ঘ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের ভাষ্য, শুধু আয়ু বাড়ানো নয়, দীর্ঘ সময় সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় থাকাই ওয়েলনেস ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার লক্ষ্য।
অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ ও স্বাস্থ্যতথ্য পর্যালোচনার ব্যবস্থা ছিল। বিকালে ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনারে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনার পর বিশেষজ্ঞদের সঙ্গে প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞদের যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।