শিক্ষা ও পরিবার রক্ষার দাবিতে শুক্রবার ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপকূলীয় শিক্ষার্থীরা।
সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির কারণে বনজীবীদের জীবিকা বন্ধ হয়ে পড়েছে। এতে আর্থিক সংকটে পড়েছে উপকূলের হাজারো পরিবার, ব্যাহত হচ্ছে সন্তানদের পড়াশোনা।
এমন পরিস্থিতিতে শিক্ষা ও পরিবার রক্ষার দাবিতে ব্যতিক্রমী ‘উপকূলে জাগরণ যাত্রা’, বিক্ষোভ ও মানববন্ধন করেছে উপকূলীয় শিক্ষার্থীরা।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা মাঠ থেকে শুক্রবার সকালে এ কর্মসূচি শুরু হয়।

বই-খাতা, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে উপকূলীয় সড়ক মুখর করে তোলে শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে খাতার পৃষ্ঠা ছিঁড়ে পানিতে ফেলে প্রতীকী প্রতিবাদ জানায় তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, সুন্দরবনে বনদস্যুদের অপহরণ ও চাঁদাবাজির ভয়ে মাছ, কাঁকড়া ও গোলপাতা আহরণ বন্ধ থাকায় হাজার হাজার বনজীবী পরিবার আর্থিক সংকটে পড়েছে। ফলে অনেক শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হচ্ছে। কেউ কেউ পড়াশোনা ছেড়ে জীবিকার সন্ধানে যেতে বাধ্য হচ্ছে।
শিক্ষার্থী রাসেল রানা বলেন, “বাবা-মায়ের বেকারত্ব শিক্ষার্থীদের বই-খাতা কেড়ে নিচ্ছে।” বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানান তিনি।
সাকিলা পারভীন নামে শিক্ষার্থীর অভিযোগ, দস্যুদের ভয়ে তার বাবা বনে যেতে পারছেন না। সংসারে খাবার ও পড়াশোনার খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।
আরেক শিক্ষার্থী হিরা মনি বলেন, “বনদস্যুদের কারণে একটি প্রজন্মের শিক্ষাজীবন অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

অভিভাবক মনোয়ারা খাতুন ও কামরুল ইসলামের দাবি, জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালানো এবং সন্তানদের পড়াশোনা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে। তাঁরা দ্রুত সহায়তা ও বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।
খুলনা বিএল কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী জিয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি সঞ্চালনা করেন কলেজশিক্ষার্থী আশিকুর রহমান।
শিক্ষকদের পক্ষে সংহতি জানান আব্দুর রহিম ও শহিদুল ইসলাম। অভিভাবকদের পক্ষে সংহতি জানান গাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মো. শফিকুল ইসলাম, মনোয়ারা খাতুন ও কামরুল ইসলাম।