× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত, পুলিশকে ধাওয়া

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মিনিট আগে

দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. সিদ্দিকুর রহমান সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাহাত সরদার (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানকেও ধাওয়া করেন তারা।

উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি বাসের সঙ্গে স্থানীয় একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।

আহত রাহাত সরদারকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয়দের কয়েকজন জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার মধ্যে পুলিশের একটি পিকআপ ভ্যান ধাওয়া করার ঘটনাও ঘটে।

স্থানীয়দের অভিযোগ, উজিরপুরের ইচলাদী থেকে গৌরনদীর জয়শ্রী পর্যন্ত মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দূরপাল্লার বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে মহাসড়কে স্থানীয় ও হালকা যানবাহন দাঁড় করিয়ে অর্থ আদায় করা হয়, গৌরনদী হাইওয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদের। তারা যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানুর রহমান সেতু এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম। প্রশাসন ও পুলিশের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইওয়ে পুলিশ কিছুটা দূরে অবস্থান নেয়। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙচুরের শিকার বাসটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দূরপাল্লার বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ অভিযোগ প্রত্যাখ্যান করে বিকাল চারটার দিকে প্রতিদিনের বাংলাদেশকে গৌরনদী হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “তাদের সামনে দিয়ে কোনো বেপরোয়া গতির যানবাহন অতিক্রম করতে পারে না।”

দুর্ঘটনার পর পুলিশের গাড়িকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতার ধাওয়া ও হামলার বিষয়ে তৌহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “আবেগতাড়িত হয়ে বিক্ষুব্ধ জনতা এলোমেলোভাবে হামলা চালিয়েছে। এতে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে আইনশৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব পালনে পুলিশকে বেগ পেতে হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা