× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেধা যাচাইয়ের মঞ্চে ২৪০ শিক্ষার্থী, প্রথম হলেই মিলবে কম্পিউটার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৩ মিনিট আগে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চর পাকুন্দিয়া মডার্ন স্কুল কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চর পাকুন্দিয়া মডার্ন স্কুল কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করা, মেধার বিকাশ এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করার লক্ষ্যে এ আয়োজন করেছে বোরহান উদ্দীন কল্যাণ ট্রাস্ট।

এতে উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ২৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার চর পাকুন্দিয়া মডার্ন স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সেরা ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে একটি কম্পিউটার, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য একটি সাইকেল এবং তৃতীয় স্থান অধিকারীর জন্য একটি পড়ার টেবিল।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোরহান উদ্দীনের উদ্যোগে ১০০ নম্বরের এ পরীক্ষার প্রশ্নপত্র সাজানো হয় পাঁচটি বিষয়ে। বাংলা ও ইংরেজিতে ২০ নম্বর করে, গণিতে ৩০ নম্বর এবং বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১৫ নম্বর করে নির্ধারণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশ নিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করে। তাদের মধ্যে ২৪০ জন পরীক্ষায় অংশ নেয়। মেধার ভিত্তিতে নির্বাচিত প্রথম ৫০ জনকে বৃত্তি দেওয়া হবে। প্রথম তিন স্থান অধিকারীর জন্য বিশেষ পুরস্কারের পাশাপাশি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন অর্থ, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হবে।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী তসফুল আলম বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে। এখানে বিভিন্ন ধরনের প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হচ্ছে। আমাদের জড়তা কাটছে এবং পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কেও ধারণা পাচ্ছি। প্রথম হলে কম্পিউটার পুরস্কার দেওয়ার বিষয়টি আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাচ্ছে। এমন উদ্যোগ নেওয়ায় বোরহান উদ্দীনকে ধন্যবাদ জানাই।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চর পাকুন্দিয়া মডার্ন স্কুল কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আরেক পরীক্ষার্থী মোবাশশিরা আক্তার সারা বলেন, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। এ পরীক্ষার মাধ্যমে নিজের মেধা যাচাইয়ের পাশাপাশি নতুন নতুন প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। ভালো ফলাফল করার জন্য আমাদের মধ্যে আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব তৈরি হচ্ছে। বিশেষ করে মেধাবীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আমাদের আরও ভালো পড়াশোনা করতে উৎসাহিত করবে। প্রতিবছর এমন আয়োজন অব্যাহত থাকলে আমাদের মতো শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।

পরীক্ষাকেন্দ্রে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও। অভিভাবক ইসরাত আরা সুবর্ণা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার খবর পেয়ে এখান থেকে ফরম সংগ্রহ করি এবং ছেলেকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি। পরীক্ষার পরিবেশ খুবই সুন্দর ও মনোরম। কেন্দ্রের ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। সুশৃঙ্খল পরিবেশে শিশুরা পরীক্ষা দিচ্ছে। এমন আয়োজন অভিভাবক হিসেবে আমাদের কাছে খুবই ভালো লেগেছে।

আরেক অভিভাবক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। শুধু বিদ্যালয়ের পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে এ ধরনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলে শিশুরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পায়। পাশাপাশি অন্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। আয়োজকদের কাছে প্রত্যাশা, প্রতিবছর যেন এ ধরনের আয়োজন অব্যাহত থাকে।

পরীক্ষার শিক্ষক রাকিব বলেন, খুব সুন্দর ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রায় ২৫০ জন শিক্ষার্থী ফরম সংগ্রহ করলেও ২৪০ জন পরীক্ষায় অংশ নিয়েছে। এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চর পাকুন্দিয়া মডার্ন স্কুল কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরীক্ষার হল সুপার আল আমীন বলেন, এ বছর প্রথমবারের মতো মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রথম আয়োজনেই আমরা ভালো সাড়া পেয়েছি। প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়ন পর্যন্ত প্রতিটি ধাপে নিরপেক্ষতা বজায় রাখা হবে। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে ফলাফল ঘোষণার পরিকল্পনা রয়েছে। পাকুন্দিয়া উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বোরহান উদ্দীন বলেন, পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যেই এ কল্যাণ ট্রাস্টের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের আয়োজনে ৩০টি প্রতিষ্ঠানের ২৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এতে আমরা আনন্দিত। আগামী বছর থেকে নভেম্বর মাসের প্রথম শনিবার এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, প্রতিবছর এ ধারাবাহিকতা বজায় রাখা হবে।

কল্যাণ ট্রাস্টের আহ্বায়ক আজহারুল ইসলাম পলাশ বলেন, গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মেধা বিকাশের সুযোগ তৈরি করতেই আমরা কয়েকজন মিলে এ উদ্যোগ নিয়েছি। আমাদের প্রত্যাশা, এ পরীক্ষার মাধ্যমে পাকুন্দিয়া উপজেলার শিশুরা নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে এবং আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে। প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা