× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরের রানী ভবানী রাজবাড়ি

প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে জেলা প্রশাসনের স্থাপনা নির্মাণ

কালিদাস রায়, নাটোর

প্রকাশ : ২৫ মিনিট আগে

আপডেট : ২৩ মিনিট আগে

নাটোরের রানী ভবানী রাজবাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের রানী ভবানী রাজবাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সময়ের ব্যবধানে দখল, অবহেলা ও অব্যবস্থাপনায় নাটোর শহরের বঙ্গজ্জ্বল এলাকায় অবস্থিত রানী ভবানী রাজবাড়িটি পূর্বের জৌলুস হারিয়েছে। দীর্ঘদিনেও ঐতিহাসিক এই স্থাপনায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়নি। সেই সঙ্গে করা হয়নি পুরাতন ভবনগুলো সংস্কার। 

এরই মধ্যে নতুন করে ইট, বালি ও সিমেন্ট দিয়ে দোকান ও অবকাঠামো নির্মাণ করছে জেলা প্রশাসন। যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কেন আইন লঙ্ঘন করে নতুন করে স্থাপনা নির্মাণ করা হচ্ছেÑ এই প্রশ্নেরও সুদুত্তর নেই জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে। 

জানা যায়, ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম নিদর্শন রানী ভবানী রাজবাড়ি। ১৯৮৯ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পুরাকীর্তি হিসেবে গেজেটভুক্ত হয় এই রাজবাড়ি। রাজবাড়ির বড় একটা অংশ জুড়েই বাড়িঘর। এখানকার ভবনগুলোতে যুগের পর যুগ ধরে বসবাস করছেন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, রিক্সাচালক, ড্রাইভার, চা বিক্রেতাসহ অন্তত ১৮টি পরিবার। এছাড়া এর অভ্যন্তরেই গড়ে তোলা হয়েছে ভূমি অফিস, দোকানপাটসহ নানা স্থাপনা। রাজবাড়ির দীঘিগুলো জেলা প্রশাসনের মাধ্যমে লীজ দেওয়া হয়েছে, তাতে কার্প জাতীয় মাছ চাষের ফলে পাড় ভেঙে অনেক শতবর্ষী গাছও উপড়ে পড়েছে। যেন ইতিহাস ঐতিহ্য নষ্টের মহোৎসব চলছে এখানে।

এরই মধ্যে প্রত্নতত্ত্বের অধীনে থাকা রানী ভবানী রাজবাড়ির ঐতিহাসিক এই প্রাঙ্গণে ইট, বালি ও সিমেন্ট দিয়ে বাণিজ্যিক ১৪টি দোকান ও অবকাঠামো নির্মাণ শুরু করেছে জেলা প্রশাসন। প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে জেলা প্রশাসনের এমন কর্মকান্ডে বিস্মিত নাটোরবাসী। 

নাটোরের রানী ভবানী রাজবাড়ির অভ্যন্তরে অবৈধ স্থাপনা নির্মাণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন রানী ভবানী রাজবাড়িতে নতুন স্থাপনা নির্মাণ কোনওভাবে গ্রহণযোগ্য নয়। এখানে যদি কিছু করতে হয়, সেটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর করবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরও ইট, বালি ও সিমেন্ট দিয়ে নতুন স্থাপনা নির্মাণ করতে পারবে না। রাজবাড়িটির ভবনগুলো সংস্কার করে পর্যটক আকর্ষণে উদ্যোগ নিতে হবে।  জেলা প্রশাসক তো ব্যবসায়ী না, যে তারা বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করবে। জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, জেলা প্রশাসন যেন এই অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করেÑ এই অবস্থান থেকে সরে যান। 

বুলটন নীল নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাজবাড়ির ভবনগুলোতে বহুদিন থেকেই অনেকে অবৈধভাবে বসবাস করেন। তা উচ্ছেদ না করে নতুনভাবে স্থাপনা নির্মাণ ঐতিহ্যে কুঠারাঘাত করার মতোই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 

সাংস্কৃতিকর্মী রফিকুল ইসলাম নান্টু বলেন, রানী ভাবানী রাজপ্রাসাদটি ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত একটি স্থান। এই স্থাপনাগুলো দীর্ঘদিন ধরেই অরক্ষিত ছিল। এখানে অনেক ধরনের মানুষ অবৈধভাবে বসবাস করছে। পরে এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অধীনে যাওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি। উপরন্তু সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে এখানে নতুন নতুন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এই স্থাপনা নির্মাণের ফলে এই ঐতিহাসিক স্থানের ঐতিহ্য নষ্ট হচ্ছে। এর প্রত্নতত্ত্ব মূল্য হারাচ্ছে। এটা নাটোরবাসী কোনওভাবেই প্রত্যাশা করেনা। 

এলাকাবাসীর দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাতে জোরালোভাবে নজর দেবে। যাতে অবৈধ দখলদারেরা এখানে থাকতে না পারে। সেই সঙ্গে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করা হয়। সংরক্ষিত পুরাকীর্তির স্থানে কেন নিয়ম বহিঃভূতভাবে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না বলে জানান জেলা প্রশাসক সুমনী আক্তার। 

নাটোরের রানী ভবানী রাজবাড়ির অভ্যন্তরে অবৈধ স্থাপনা নির্মাণ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরে তার নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস বলেন, ভেতরে কিছু অস্থায়ী দোকান খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। তাতে রাজবাড়ির সৌন্দর্য কিছুটা ব্যহত হচ্ছিল। সেজন্য সেই দোকানগুলোকে তাদের স্ব-অবস্থানে রেখে একটা কাঠামো তৈরি করে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এটা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে টিন দিয়ে নির্মিত।   

ঠিকাদার কে, কোনখাতের অর্থায়নে রাজবাড়িতে নির্মাণ কাজ করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সোলাইমান হোসেন বলেন, তিনি নতুন এসেছেন। তথ্য দিতে কিছুটা দেরি হবে। নির্মাণ কাজ দেখভাল করা তুষার হোসেন নামে একজন বলেন, তিনি ঠিকাদার বা ঠিকাদারের কেউ না। স্যারদের অনুরোধে নির্মাণ শ্রমিক ঠিক করে দিয়েছেন তিনি। 

রানী ভবানী রাজবাড়িতে জেলা প্রশাসনের স্থাপনা নির্মাণ অনিয়মতান্ত্রিক উল্লেখ করে গত ৫ নভেম্বর দোকান ও অবকাঠামো নির্মাণ কাজ বন্ধে জেলা প্রশাসক বরাবর চিঠি দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক এ.কে.এম সাইফুর রহমানের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, ইট, বালি ও সিমেন্ট দিয়ে রানী ভবানী রাজবাড়িতে দোকান ও অবকাঠামো নির্মাণ করায় গুরুত্বপূর্ণ এই প্রত্নস্থলটি ধ্বংস ও ক্ষতির সম্মুক্ষীণ হচ্ছে। চিঠিতে সংরক্ষিত পুরাকীর্তি সুরক্ষায় অবৈধভাবে দোকান ও অবকাঠামো নির্মাণ কাজ বন্ধের আহবান জাননো হয়। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক এ.কে.এম সাইফুর রহমান বলেন, প্রত্নস্থানের উপরে বা সন্নিকটে কোনও ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণ করা যাবেনা। এ বিষয়ে বাধ্যবাধকতা আছে। যদি অজ্ঞাতসারে কেউ স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে তাহলে দাপ্তরিকভাবে তা বন্ধ করা হয়। রানী ভবানী রাজবাড়িতে স্থাপনা নির্মাণ বন্ধে নাটোরের জেলা প্রশাসককে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি ।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা