চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ মিনিট আগে
চট্টগ্রামের শাহ আমানত (রা.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করে পুলিশ। ছবি: ভিডিও থেকে
চট্টগ্রামের শাহ আমানত (রা.) মাজার থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
উদ্ধার করা ককটেলটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা এসে নিজেদের হেফাজতে নিয়েছেন।
নগরের কোতোয়ালি থানাধীন জেল রোড এলাকায় মাজারের সামনের উঠান থেকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শেখ মোহাম্মদ হান্নান (২৫) ও আব্দুল্লা আল ছোটন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি মাজারের উঠানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে মাজারের লোকজন পুলিশে খবর দেন।
পুলিশের ধারণা, নাশকতার উদ্দেশ্যে ওই দুজন ককটেল নিয়ে মাজারে এসেছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির রাতে বলেন, লাল টেপে মোড়ানো একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে মাজারের ভেতর থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।