চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩৫ মিনিট আগে
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। আটকদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০
জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে
১২টা পর্যন্ত এ অভিযান চলে। আটকদের হাসপাতালের ভেতরে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
অভিযানে এসআরবির সদস্যরা সাদা পোশাকে
রোগী ও স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের
প্রেসক্রিপশন পরীক্ষা, বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়াসহ বিভিন্ন সুবিধার কথা
বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের আটক করা হয়।
ঘটনাস্থলে সাংবাদিকদের এসআরবি-৭ চট্টগ্রামের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানের আগে কয়েকদিন ধরে
সাদা পোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম
পর্যবেক্ষণ করেছেন। ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে। সেসব তথ্যের ভিত্তিতেই
অভিযান চালানো হয়।
তিনি বলেন, দালাল চক্রের সদস্যরা বিভিন্ন
ভাগে বিভক্ত হয়ে কাজ করে। কেউ বেড পাইয়ে দেওয়া, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল,
আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করে।
রোগী ও স্বজনদের উদ্দেশে এসআরবি অধিনায়ক
বলেন, ‘সরকারি এই হাসপাতালে আপনাদের বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। আপনারা ধৈর্য
ধরবেন, কাউকে কোনো টাকা-পয়সা দেবেন না। কোনো দালাল চক্রের কাছে যাবেন না।’
অভিযানে আটক একজন সরকারি কর্মচারীকে
পরে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনাকীর্ণ স্থানে অভিযানের সময় পরিচয়
নিশ্চিত না হয়ে কাউকে আটক করার ঘটনা ঘটতে পারে। পরে যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্টতা না
পেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও
আনসার সদস্য থাকার পরও দালাল চক্র কীভাবে সক্রিয়, এমন প্রশ্নে তিনি বলেন, হাসপাতালের
প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা অপ্রতুল। এ সংখ্যা বাড়ানো গেলে অনিয়ম
কমে আসবে। হাসপাতালের পরিচালকও দালালবিরোধী কার্যক্রমে আন্তরিক বলে জানান তিনি।
চমেক হাসপাতালে দীর্ঘদিন দালালদের দৌরাত্ম্যের
অভিযোগ রয়েছে। চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে
দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এসব চক্রের বিরুদ্ধে। এর আগে একাধিকবার
অভিযান চালানো হলেও কিছুদিন পর আবারও তারা সক্রিয় হয়ে ওঠে।