× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজারহাটে সড়কের বেহাল দশা, দুর্ঘটনার ঝুঁকিতে হাজারো মানুষ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মিনিট আগে

আপডেট : ১০ মিনিট আগে

রাজারহাটের সিংগারডাবড়ীহাট থেকে কামারপাড়া বাজারের চেতনা মৎস্য হ্যাচারি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারহাটের সিংগারডাবড়ীহাট থেকে কামারপাড়া বাজারের চেতনা মৎস্য হ্যাচারি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ।

উঠে গেছে সড়কের কার্পেটিং, বেরিয়ে এসেছে ইটের খোয়া। কোথাও কোথাও দেবে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এমন ঝুঁকিপূর্ণ সড়কে হেলেদুলে চলাচল করছে যানবাহন। গত ৪ অক্টোবর সড়কে অটোরিকশা উল্টে গুরুতর আহত হয়েছেন এক ব্যবসায়ী। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, যাত্রী ও পথচারীদের।

সরজমিনে দেখা গেছে, সিংগারডাবড়ীহাট থেকে কামারপাড়া বাজারের চেতনা মৎস্য হ্যাচারি পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ বেহাল হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের পিচ উঠে গেছে। বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙাচোরা অংশে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। প্রতিদিন এ পথে কয়েকটি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
সড়কটির পাশে ও আশপাশে রয়েছে সিংগারডাবড়ীহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিংগারডাবড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিঙ্গের ডাবরি হাট শিশু নিকেতন এবং সিংগারডাবড়ী হাট দাখিল মাদরাসা। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থীকে প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়।

কামারপাড়া বাজারের ব্যবসায়ী পবিত্র কুমার বলেন, গত ৪ অক্টোবর লালমনিরহাট থেকে দোকানের মালামাল কিনে অটোরিকশায় বাড়ি ফেরার পথে কুরারপাড় এলাকায় গাড়িটি উল্টে যায়। এতে তার ডান কাঁধের হাড় ভেঙে গেছে। তিনি বলেন, ‘ভগবান আয়ু রেখেছেন বলে বেঁচে গেছি। চিকিৎসক কয়েক মাস বিশ্রামে থাকতে বলেছেন।'

অটোরিকশাচালক আলতাফ হোসেন বলেন, 'এই সড়কে নিয়মিত যাত্রী নিয়ে যাতায়াত করি। রাস্তার এমন অবস্থা আর কোথাও চোখে পড়েনি। গাড়ি চালানোর সময় সব সময় দুর্ঘটনার ভয় কাজ করে।'
সিংগারডাবড়ীহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইদুল ইসলাম মানিক বলেন, পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী এ সড়ক দিয়ে যাতায়াত করে। কিছুদিন আগে তার প্রতিষ্ঠানের নবম শ্রেণির এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছে। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বিদ্যালয়গামী শিক্ষার্থী অর্পিতা রায় বলে, 'আমরা নিয়মিত এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করি। আমার স্কুলের সিনিয়র আপু দুর্ঘটনার শিকার হয়েছেন। তাই প্রতিদিন যাতায়াতের সময় মনে ভয় কাজ করে।'
এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকৌশলী এজাহারুল হক বলেন, সড়কটির সংস্কারের জন্য কয়েকটি প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।




শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা