গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে অবরোধকারী পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগড়া বাইপাস এলাকায় অবরোধের চেষ্টা করছিল পোশাক কারখানার শ্রমিকরা। তবে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে পুলিশ মোতায়ের রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা ওই এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে।
এদিকে, কোনাবাড়ি, কাশিমপুর, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, টঙ্গী, গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী, ভবানীপুর, বাঘের বাজার, নতুন বাজার, শ্রীপুরের গড়গড়িয়া মাষ্টারবাড়ী, বৈরাগীর চালা, কেওয়াসহ শিল্প অধ্যুষিত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে।
গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষ ও উদ্ভুত পরিস্থিতিতে গাজীপুরের শিল্পাঞ্চলে অর্ধ শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সকাল পৌনে ৯টার কয়েকজন শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পুলিশ তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আতঙ্কে মহাসড়কে ২০ মিনিটের মতো যান চলাচলে বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, দিনের শুরুতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব কারখানা খোলা রয়েছে ওইসব কারখানায় শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করতে দেখা গেছে। এখনো পর্যন্ত জেলায় পোশাক কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক আছে। শ্রমিকরা কাজে যোগ দিয়ে শান্তিপূর্ণভাবে উৎপাদন কাজ শুরু করছে।