বাকের আহমেদ খান, আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে উৎপাদিত শুঁটকি যাচ্ছে বিদেশেও। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মেঘনার পাড়ের শুঁটকি যাচ্ছে বিদেশেও। শুঁটকি দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশেও রপ্তানি করা হয়। ব্যবসায়ীদের তথ্য, লালপুর থেকে বছরে প্রায় শতকোটি টাকার শুঁটকি বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।
মেঘনার তীরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর। একসময় নদীকেন্দ্রিক জনপদ হিসেবে পরিচিত এই গ্রাম এখন দেশজুড়ে পরিচিতি পেয়েছে শুঁটকি উৎপাদনের জন্য। নদী ও হাওরের দেশি মাছ থেকে তৈরি হচ্ছে নানা জাতের শুঁটকি। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব শুঁটকি সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। ঐতিহ্যবাহী এই শিল্প ঘিরে গড়ে উঠেছে শতকোটি টাকার বাণিজ্য।
সরেজমিনে দেখা যায়, মেঘনার পাড়জুড়ে সারি সারি বাঁশের মাচা। কোথাও মাছ পরিষ্কার ও বাছাই করছেন শ্রমিকরা, কোথাও রোদে শুকানো হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। আবার কোথাও মাটির মটকায় সংরক্ষণ করা হচ্ছে বিশেষ পদ্ধতিতে তৈরি চ্যাপা শুঁটকি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষের কর্মব্যস্ততায় মুখর থাকে পুরো এলাকা।
লালপুরে শুঁটকি উৎপাদনের প্রধান মৌসুম শীতকাল। এ সময় নদী ও বিভিন্ন জলাশয় থেকে সংগ্রহ করা মাছ প্রথমে বাছাই ও পরিষ্কার করা হয়। মাছের ধরন অনুযায়ী নাড়িভুঁড়ি অপসারণ, কাটা কিংবা চিরে নেওয়ার পর বাঁশের তৈরি উঁচু মাচা, স্থানীয়ভাবে পরিচিত ডাঙ্গিতে বিছিয়ে রোদে শুকানো হয়। মাছের আকার ও প্রজাতিভেদে শুকানোর সময়ও ভিন্ন হয়। এভাবেই তৈরি হয় বিভিন্ন জাতের সুস্বাদু শুঁটকি।
সাধারণ শুঁটকির পাশাপাশি লালপুরের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী চ্যাপা বা মটকা শুঁটকি। বিশেষ পদ্ধতিতে পুঁটি মাছ শুকিয়ে মাটির মটকায় ভরে দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়। প্রাকৃতিক গাঁজন প্রক্রিয়ায় তৈরি এই চ্যাপা শুঁটকির স্বাদ ও ঘ্রাণ সাধারণ শুঁটকির চেয়ে আলাদা। দেশের বিভিন্ন অঞ্চলে এর রয়েছে ব্যাপক চাহিদা।
স্থানীয় শুঁটকি ব্যবসায়ী ও আড়তদার নিখিল চন্দ্র দাস বলেন, লালপুরের শুঁটকির চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার উৎপাদিত শুঁটকি। তবে ব্যবসা পরিচালনা ও উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে পুঁজির সংকট বড় বাধা। সরকারি পৃষ্ঠপোষকতা এবং স্বল্প সুদে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হলে ব্যবসায়ীরা আরও বেশি উৎপাদন ও সরবরাহ করতে পারবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরে দেশি ও সামুদ্রিক মিলিয়ে প্রায় ১৬ থেকে ১৮ প্রজাতির মাছের শুঁটকি তৈরি হয়। এর মধ্যে পুঁটি, মলা, টেংরা, বাঁশপাতি, চিংড়ি ও চ্যাপা শুঁটকির চাহিদা উল্লেখযোগ্য। এসব শুঁটকি দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি পার্শ্ববর্তী ভারতসহ কয়েকটি দেশেও রপ্তানি করা হয়।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, লালপুর থেকে বছরে প্রায় শতকোটি টাকার শুঁটকি সরবরাহ করা হয়। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন পাঁচ শতাধিক নারী-পুরুষ। ফলে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শুঁটকি শিল্প।
আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান জানান, গত বছরের তুলনায় চলতি বছর শুঁটকি উৎপাদন কিছুটা কম হতে পারে। ব্যাংকঋণের বিষয়ে ব্যবসায়ীদের একাংশ সহযোগিতা নিতে আগ্রহী হলেও অন্য একটি অংশ এ বিষয়ে নিরুৎসাহিত করছেন। ফলে ঋণ কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
সংশ্লিষ্টদের মতে, লালপুরের শুঁটকি শিল্পকে আরও এগিয়ে নিতে প্রয়োজন সহজ শর্তে ঋণ, সরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক সংরক্ষণব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি উৎপাদনের সুযোগ-সুবিধা। পাশাপাশি উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ ও রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে এই শিল্পের সম্ভাবনা আরও বাড়বে।
মেঘনার জল, দেশি মাছ আর স্থানীয় মানুষের শ্রম-ঘামে গড়ে ওঠা লালপুরের শুঁটকি শিল্প এখন শুধু একটি গ্রামের ঐতিহ্য নয়, বরং সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। যথাযথ সরকারি সহযোগিতা ও পরিকল্পিত উদ্যোগ পেলে মেঘনার পাড়ের এই শুঁটকির জনপদ দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে—এমন প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের।