রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১ ঘণ্টা আগে
আগুনে পড়ে যাওয়া বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসের হেলপার। এ ঘটনায় পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।
বৃহস্পতিবার ফজরের আজানের পর রামগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন একটি রেস্ট হাউসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেনের মালিকানাধীন বাসটি রাতে সেখানে রেখে যান চালক মমিন হোসেন। ঘটনার সময় চালক গাড়িতে ছিলেন না। তবে বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পর ফিরে এসে তিনি বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের একটি সিটের ওপর কয়েল পাওয়া গেছে। প্রাথমিকভাবে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বাসটির ভেতরে প্রতিদিন হেলপার ঘুমাতেন।
বাসের মালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পাশের ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ইউছুফ আলী বাবু জানান, প্রতিদিন বাসটি ওই স্থানে রাখতে নিষেধ করা হলেও চালক তা মানেননি। আগুনে তাদের দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা পুড়ে গেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, “পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগুনের প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে”।