× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে ছুটির দিনে সরকারি বই বিক্রি, নিলাম ঘিরে যত প্রশ্ন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঈশ্বরগঞ্জে ছুটির দিনে সরকারি বই বিক্রি, নিলাম ঘিরে যত প্রশ্ন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউন থেকে সাপ্তাহিক ছুটির দিনে সরকারি পুরোনো বই বিক্রি ও সরিয়ে নেওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। 

নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ্যে না আসা, নিলাম কমিটির সদস্যদের না জানানো এবং বই হস্তান্তরের প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ১৭ টাকা কেজি দরে প্রায় ১ হাজার ৫০০ কেজি বই বিক্রির তথ্য পাওয়া গেলেও স্থানীয়দের দাবি, বিক্রি করা বইয়ের পরিমাণ ১০ থেকে ১২ হাজার কেজি হতে পারে।

বিষয়টি জানাজানি হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য দিতে গড়িমসি এবং তথ্য অধিকার আইনের দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার ঘটনায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২১ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউন থেকে একটি ট্রাকে পুরোনো বই তোলা হচ্ছিল। এ সময় স্থানীয় এক ব্যক্তি বই সরানোর কারণ জানতে চাইলে উপস্থিত ক্রেতা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে ওই ব্যক্তিকে অর্থ দেওয়ার প্রস্তাবও দেন তিনি। ছুটির দিন ভোরে বই সরানো এবং ভিডিও না করতে অর্থের প্রলোভন দেখানোর অভিযোগে নিলাম প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

পরদিন রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেনকে পাওয়া যায়নি। অফিসের হিসাবরক্ষক রাধিকা রানী দাস জানান, নিলামের মাধ্যমে পুরোনো বই বিক্রি করা হয়েছে। তবে নিলামের তারিখ, বিক্রির দর ও ক্রেতার বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেননি তিনি। সব নথি শিক্ষা কর্মকর্তার কাছে রয়েছে জানিয়ে মঙ্গলবার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানান।

পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, “সবই আছে ভাই, সামান্য কিছু বই বিক্রি করা হয়েছে।”

ছুটির দিন সকালে বই সরানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, “সকালে বই নেওয়ার কারণটা হলো ওরা যাতে করে যানজটটা কভার করতে পারে।”

তবে, ২৪ নভেম্বর কার্যালয়ে গিয়ে নিলামের বিজ্ঞপ্তি, কমিটির সদস্যদের তালিকা ও বিক্রিত বইয়ের হিসাব জানতে চাইলে ভিন্ন অবস্থান নেন ওই কর্মকর্তা। তথ্য দিতে অপারগতা জানিয়ে তিনি বলেন, “এসব তথ্য নিতে হলে তথ্য অধিকার আইনে আবেদন করে নিতে হবে।”

অনুসন্ধানে জানা যায়, পুরোনো বই বিক্রির জন্য গত ১৫ অক্টোবর সভা করে তিন সদস্যের নিলাম কমিটি গঠন করা হয়। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামানকে আহ্বায়ক এবং চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ও সোহাগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বণিককে সদস্য করা হয়।

পরে ১৮ অক্টোবর নিলাম ডাক হলে চারটি আবেদন জমা পড়ে। সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৭ টাকা কেজি দরে ‘মেসার্স ভাই ভাই পেপার হাউজ’-এর স্বত্বাধিকারী চান মিয়াকে নির্বাচিত করা হয়। ২ নভেম্বর তাকে কার্যাদেশ দেওয়া হয়। এর ১৯ দিন পর গত শনিবার সকাল ৭টার দিকে কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই গোডাউন থেকে বই সরিয়ে নেওয়া হয়। এ সময় হিসাবরক্ষক রাধিকা রানী দাস ও অফিস সহায়ক সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন।

নিলাম কমিটির সদস্য গোলাম মোস্তফা ও বিশ্বজিত বণিক জানান, তাদের শুধু নামমাত্র কমিটিতে রাখা হয়েছিল। নিলাম কখন হয়েছে বা কারা অংশ নিয়েছেন, সে বিষয়ে তারা কিছুই জানেন না। বই ওজনের সময়ও তাদের উপস্থিত রাখা হয়নি। কোটেশনের মাধ্যমে ১৭ টাকা কেজি দরে ১ হাজার ৫০০ কেজি বই বিক্রির বিষয়টি তারা জানতে পেরেছেন।

কমিটির আহ্বায়ক আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বই পরিমাপের সময় তিনি একবার উপস্থিত ছিলেন। তবে পুরো সময় হিসাবরক্ষক ও অফিস সহায়ক উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, সরকারি রেট অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে কেজি দরে পুরোনো বই বিক্রির জন্য তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। বিস্তারিত তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাওয়া যাবে।

এদিকে, নিলাম প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মমাফিক হলে বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসেনি কেন, কার্যাদেশ দেওয়ার পরও অফিস চলাকালে বই হস্তান্তর না করে ছুটির দিন সকালে সরানো হলো কেন- এমন প্রশ্ন তুলেছেন সচেতন মহলের প্রতিনিধিরা। নিলাম কমিটির সদস্যরাই যখন নিলামের দিনক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত নন, তখন পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মনে করছেন তারা।

সরকারি সম্পদ বিক্রির এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা