× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ‘আপত্তিকর ফোনালাপ’, অতঃপর প্রত্যাহার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৪ মিনিট আগে

আপডেট : ১২ মিনিট আগে

ওসি ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী তাজকিয়া তানিন সনি।

ওসি ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী তাজকিয়া তানিন সনি।

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে ‘আপত্তিকর কথোপকথনের অডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইফুল ইসলাম।

তিনি জানান, ওসি ফয়জুল আজিম নোমানকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপটি পরীক্ষা-নিরীক্ষা করে বিভাগীয় তদন্তসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাজকিয়া তানিন সনির সঙ্গে ওসি নোমানের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার মধ্যরাতে প্রকাশিত ওই অডিওতে মামলা, কারাবাস, আর্থিক লেনদেন, পরিবারের সদস্যদের হুমকি এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়ে দুজনের উত্তপ্ত কথোপকথন শোনা যায়। পাশাপাশি ওই নারী নেত্রীকে অন্তরঙ্গ সময় কাটানোর ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগও ওঠে ওসির বিরুদ্ধে।

ফোনালাপে তাজকিয়া তানিন সনি দাবি করেন, একটি মামলায় তাকে কারাবাস করতে হয়েছে এবং জামিন পেতে দুই লাখ টাকা ব্যয় হয়েছে। সাধারণ মামলা দেওয়ার শর্তে জনৈক হাসনাত তুহিনের মাধ্যমে ওসিকে দুই লাখ টাকা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এ ছাড়া প্রায় আড়াই লাখ টাকা দেনার মধ্যে পড়েছেন বলে জানান।

ওই নারী নেত্রীর অভিযোগ, তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তি তাকে এবং তার পরিবারের সদস্যদের হয়রানি ও হুমকি দিচ্ছেন। এ বিষয়ে একাধিকবার থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেও প্রতিকার পাননি তিনি। তার বোনকে মারধরের চেষ্টা এবং ফোনে গালিগালাজের বিষয়টিও কথোপকথনে উঠে আসে।

অডিওতে আর্থিক সংকট, সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায় সনিকে। একপর্যায়ে কিডনি বিক্রি করে টাকা পরিশোধের কথাও বলেন তিনি। অন্যদিকে, ওসি নোমানকে সনিকে আলাদাভাবে কথা বলতে এবং থানার ভেতরে সরকারি বাংলোয় যাওয়ার প্রস্তাব দিতে শোনা যায়। বিষয়টি প্রকাশ্যে এলে তার পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে ওসি নোমান তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, টাকা লেনদেন এবং নাশকতার পরিকল্পনায় কারা জড়িত, সে বিষয়ে তথ্য জানতে ওই নারীকে থানায় আসতে বলেছিলেন।

অন্যদিকে, সনি অভিযোগ করেন, তাকে থানার ভেতরে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন ওসি। এক রাত থানায় অবস্থানের সময় তাকে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির কঠোর বিচার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের এই নেত্রী।

এর আগেও বিভিন্ন অভিযোগ ও বিতর্কে আলোচনায় এসেছিলেন ওসি ফয়জুল আজিম নোমান। তার বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজদের সহযোগিতা, অর্থের বিনিময়ে মামলায় জড়ানো এবং মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার মতো অভিযোগ রয়েছে। লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারে কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগ ওঠার কথা জানা গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা