গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৬ মিনিট আগে
গাজীপুরের শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শিল্পাঞ্চলে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল
নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
সংঘর্ষ ও হামলায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। শ্রমিক অসন্তোষের
কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রীপুরে কয়েকটি কারখানায় হামলা ও
ভাঙচুরের চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড়, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা,
ছয়দানা-কলম্বিয়া, সাইনবোর্ড, তিনসড়ক, সালনা ও গাজীপুরাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভ
শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে যান
চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর, মাস্টারবাড়ী, ভবানীপুর
এবং শ্রীপুরের বাঘের বাজার এলাকাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় শ্রমিকরা সড়কে ইটের ব্লক
ফেলে অবরোধ করেন। একই সময়ে ছয়দানা-কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল
বন্ধ হয়ে যায়। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ
টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কয়েক দফা সংঘর্ষে
আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কের পাশের অনেক দোকানপাটও বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সালনা এলাকায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ
সূত্রে জানা গেছে, এ সময় শ্রমিক আন্দোলনের মধ্যে কিছু বহিরাগত ব্যক্তি যুক্ত হয়ে দুই
পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান। এতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম
ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন গুরুতর আহত হন। তাদের একজনকে উন্নত চিকিৎসার
জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়।
এর আগে নাওজোড় এলাকায় ইটপাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। ছয়দানা-কলম্বিয়া
এলাকায় আহত হন বিজিবির তিন সদস্য। বেলা দেড়টার দিকে গাজীপুরা এলাকায় শ্রমিকদের সঙ্গে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার সময় আনসারের দুই সদস্য পড়ে গিয়ে
আহত হন। তাদের টঙ্গী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ
আমজাদ হোসাইন বলেন, শ্রমিক ও দুর্বৃত্তদের হামলা এবং ইটপাটকেল নিক্ষেপে পুলিশ, বিজিবি
ও আনসার সদস্যসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। সবার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে শ্রীপুরের কয়েকটি পোশাক কারখানার ফটক ও ভেতরে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টস, ভিক্টোরিয়া গার্মেন্টস ও লাক্সমা
ইনওয়্যার লিমিটেড এবং কেওয়া দক্ষিণখণ্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম টেক্সটাইলে
হামলা চালানো হয়। ফখরুদ্দিন টেক্সটাইলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ বলেন, কারখানা
বন্ধ থাকার মধ্যেই একদল যুবক প্রধান ফটকে ভাঙচুরের চেষ্টা করে। পরে আবার ইটপাটকেল নিক্ষেপ
করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেলে তারা সরে যায়।
গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, শ্রীপুরে
যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে, তাদের সবাই শ্রমিক নয়। কিছু বহিরাগত যুবক বিভিন্ন
কারখানার ফটকে গিয়ে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেছে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে
তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক
রয়েছে।
শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজট তৈরি হয়। জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথে কড্ডা এলাকায়
আটকে পড়া বাসযাত্রী আজিজ মিয়া বলেন, শ্রমিকদের অবরোধে এক ঘণ্টার বেশি সময় সড়কে আটকে
ছিলেন তিনি। ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃত্তি বাবুও সাইনবোর্ড এলাকায় অবরোধের
মুখে পড়ে বিকল্প পথে গিয়েও যানজটে আটকে যান। দুপুরের পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে
আসে এবং কয়েকটি এলাকায় যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকাল থেকে ভোগড়া,
নাওজোড়, সাইনবোর্ড ও সালনাসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান
নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী কাজ করেছে। শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক শিল্পকারখানায় বুধবারের জন্য
ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তা নিশ্চিত করতে
পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার রাতে নিম্নতম
মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত
হয়। এতে আগের তুলনায় মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। তবে শ্রমিকদের দাবি,
বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। নতুন
মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে। তবে এ জন্য শ্রম ও কর্মসংস্থান
মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন।