প্রতীকী ছবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত সহকারী (পিএস) এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের নেতা ছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তের একটি ঘাসের জমিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। পরে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখানে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বোমা তৈরির সরঞ্জামগুলো আলামত হিসেবে জব্দের প্রক্রিয়া চলছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।