নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর
প্রকাশ : ২৪ মিনিট আগে
আপডেট : ১৯ মিনিট আগে
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিপাতে পিরোজপুরে প্রায় ৩৫০০ হেক্টর জমিতে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলােদেশ
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিপাতে পিরোজপুরে প্রায় ৩৫০০ হেক্টর জমিতে আমন ধান ও শীতকালীন সবজির ক্ষতি হয়েছে।
এতে ক্ষতির আশঙ্কায় পড়েছেন জেলার কয়েক হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এর প্রভাব পড়েছে বাজারেও, স্বল্প মূল্যে শীতকালীন শাক-সবজি ক্রয়ের পরিবর্তে চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। গত বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় টানা চার দিন বৃষ্টি হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় এ বছর ৬৪ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আমনের
আবাদ হয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের ফলে ৩২৫০ হেক্টর জমির ধান ভারী
বর্ষণের কারণে আক্রান্ত হয়েছে। এ ছাড়া ২২৫০ হেক্টর জমিতে রবিশস্য হিসেবে খেসারী ডালের
চাষ করা হয়েছে, এর মধ্যে ১০৫ হেক্টর জমির খেসারী চাষের ক্ষতি হয়েছে এবং ২২০০ হেক্টর
জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১১২ হেক্টর জমির শাক-সবজির ক্ষতি
হয়েছে। এতে মোট ৩ হাজার ৪৬৭ হেক্টর জমিতে ধান ও সবজির ক্ষতি হয়েছে। এদিকে মাত্র এক
সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় দ্বিগুণ।
ইতোমধ্যে জেলার ভাণ্ডারিয়া, কাউখালী ও জিয়ানগরসহ কয়েকটি অঞ্চলের ফসলি মাঠ পরিদর্শন
করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ
ও পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকারসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোর
কর্মকর্তারা।
জেলার জিয়ানগর উপজেলার গাবগাছিয়া গ্রামের কৃষক মতিয়ার রহমান ফকির বলেন, আমি
শীতকালীন সবজি ফুলকপি, বিটকপি, টমেটো, লাউ, লাল শাক, পালং শাকসহ আরও কিছু শাক-সবজির
চাষ করেছিলাম। তবে ৪-৫ দিনের খারাপ আবহাওয়া ও প্রচুর বৃষ্টি হওয়ায় অনেক শাক-সবজি নষ্ট
হয়ে গেছে। আমাদের কিছু সহযোগিতা করলে ঘুরে দাঁড়াতে পারতাম।
আরেক কৃষক আবুল হোসেন বলেন, এখন আমন ধান কাটার মৌসুম। আমি প্রায় ১০ বিঘা জমিতে
ধান চাষ করেছি। তবে আমার জমির ধান পেকে গেলেও বৃষ্টির পানিতে নষ্ট হওয়ায় সবগুলো কাটা
যাচ্ছে না। কিছু স্থানে এখনও পানি জমে আছে। জমির পেছনে যে খরচ হয়েছে, সেই খরচ ওঠে কি
না সন্দেহ।
উপজেলার সাঈদখালী গ্রামের আরেক বাসিন্দা হাফেজ মাসুম বিল্লাহ বলেন, দুর্যোগপূর্ণ
অঞ্চল হওয়ায় প্রতিবছর বন্যায় আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। বর্তমানে ঝড়ের প্রভাবে ৩-৪ দিন
বৃষ্টি হওয়ায় ধান ও শাক-সবজির অনেক জায়গায় ক্ষতি হয়েছে। যার কারণে এখন বাজারেও দাম
বেশি। বর্তমানে ফুলকপি ৮০ টাক, বেগুন ৯০ টাকা, বাঁধাকপি ৬০ টাকায় কিনতে হচ্ছে। মাত্র
কয়েক দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম বেড়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, জেলায়
এ বছর ৬৪ হাজার ৩৪৪ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। তবে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চার
দিনের বৃষ্টিপাতে কিছু অঞ্চলের আমন ধানের মাথা পানিতে পড়ে গেছে। এতে প্রায় ৩২৫০ হেক্টর
জমির ধান আক্রান্ত হয়েছে। এ ছাড়া ২২৫০ হেক্টর জমিতে রবি শস্য হিসেবে খেসারী ডালের বীজ
বপন করা হয়েছে, এর মধ্যে ১০৫ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে এবং ২২০০ হেক্টর শীতকালীন
সাক-সবজির আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১১২ হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে।