পটুয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৮ মিনিট আগে
পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় আসামি গোপাল হালদারকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা ধর্ষণ প্রতিরোধ মঞ্চ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীতে এআই প্রযুক্তির ব্যবহারে এক তরুণীর ছবি দিয়ে আপত্তিকর অশ্লীল ভিডিও সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার পটুয়াখালী সদর থানায় সাইবার সুরক্ষা আইনে ১৭ বছর বয়সী ওই তরুণী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আসামী গোপাল হালদার রাহুল শহরের নন্দকানাই এলাকার সুনীল চন্দ্র হালদারের পুত্র। সে একটি পত্রিকার স্থানীয় অনলাইন প্রতিনিধি হিসেবে কর্মরত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত গোপালের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির স্থানীয় এক নেতার বিরোধ থাকায় ওই নেতার সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় বাদীর (তরুণী) ওপর ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছে কুৎসা সহ বাদীর আপত্তিকর ছবি ও ভিডিও থাকার কথা বলতেন।
এজাহারে বলা হয়, গত রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে অভিযুক্ত তাঁর ‘গোপাল হালদার’ নামের ফেসবুক আইডি থেকে বাদীর ছবি দিয়ে অশ্লীল সম্পাদনা করা একটি ভিডিও নাইমুল ইসলাম শাওন নামের এক ব্যক্তির ফেসবুক মেসেঞ্জারসহ আরও কয়েকজনের কাছে পাঠান। পরে বিষয়টি জানতে পারেন বাদী। এ বিষয়ে কথা বলতে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাদী কয়েকজন পরিচিত ব্যক্তিকে সঙ্গে নিয়ে পটুয়াখালী শহরের বড় চৌরাস্তা এলাকায় ফুট ওভারব্রিজের নিচে বিসমিল্লাহ স্টোরের সামনে যান। সেখানে অভিযুক্তের কাছে ভিডিও ছড়িয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বাদীনির ওপর হামলা চালান। এ সময় বাদীকে রক্ষা করতে এগিয়ে আসায় তাঁর সঙ্গী এক ব্যক্তিকেও মারধর করা হয়।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মামলা হয়েছে, আসামীকে গ্রেপ্তারের চেস্টা চলছে।
এদিকে আসামি গোপাল হালদারকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ বিকেলে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় মানববন্ধন করেছে জেলা ধর্ষণ প্রতিরোধ মঞ্চ।