× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ১০ হাজার ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেবে সিটি করপোরেশন

বগুড়া অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৭ মিনিট আগে

ব্যাটারিচালিত রিকশা। ফাইল ছবি

ব্যাটারিচালিত রিকশা। ফাইল ছবি

বগুড়া শহরের যানজট নিরসনে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। এ লক্ষ্যে নগরের সড়কের ধারণক্ষমতা বিবেচনায় সর্বোচ্চ ১০ হাজার ব্যাটারিচালিত রিকশাকে নিবন্ধন দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। আগামী বছরের শুরুতে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

নিবন্ধনের ক্ষেত্রে রিকশার ধরনও নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুধু নিচু ও মোটা চাকার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনের সুযোগ পাবে। চিকন চাকার রিকশা এ তালিকায় রাখা হচ্ছে না। সিটি করপোরেশনের মতে, মোটা চাকার রিকশা তুলনামূলক স্থিতিশীল হওয়ায় যাত্রী ওঠানামা ও চলাচলে সুবিধা হয়।

নিবন্ধন পেতে আবেদনকারীকে বগুড়া সিটি করপোরেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে প্রকৃত চালক-মালিকদের নিবন্ধন দেওয়া হবে। ভাড়ায় চালানোর উদ্দেশ্যে কোনো গ্যারেজ মালিক বা ব্যবসায়ী রিকশার নিবন্ধন নিতে পারবেন না। একজন চালক নিজের রিকশার পাশাপাশি সর্বোচ্চ আরও দুটি রিকশার নিবন্ধন নিতে পারবেন।

নিবন্ধিত প্রতিটি রিকশায় থাকবে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ডিজিটাল কিউআর কোড। এর মাধ্যমে রিকশা ও চালকের পরিচয় শনাক্ত করা যাবে। কোনো যাত্রী রিকশায় মালামাল ফেলে গেলে কিউআর কোডের ছবি সংরক্ষণ করে সংশ্লিষ্ট রিকশা শনাক্ত করতে পারবেন। পাশাপাশি অপরাধমূলক ঘটনায়ও কোডটি শনাক্তকরণের কাজে আসবে।

একসময় বগুড়া পৌরসভা এলাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার পায়ে চালিত রিকশার নিবন্ধন ছিল। সময়ের সঙ্গে এসব রিকশার সংখ্যা কমলেও বেড়েছে ব্যাটারিচালিত রিকশা। ফলে শহরের প্রধান সড়কগুলোতে যানজট বেড়েছে। বিশেষ করে সাতমাথা জিরো পয়েন্ট ও আশপাশের সড়কে প্রায়ই রিকশার জট তৈরি হয়। এতে পথচারীদের চলাচলও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে। স্বাভাবিক সময়ে ১০ মিনিটের পথ পাড়ি দিতে অনেক ক্ষেত্রে আধা ঘণ্টার বেশি সময় লাগছে।

সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, নগরে রিকশার সংখ্যা নিয়ন্ত্রণে না আনলে যানজট কমানো সম্ভব হবে না। এ জন্য নিবন্ধনের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক রিকশা চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। ১০ হাজারের বেশি রিকশা যাতে নগরের সড়কে চলাচল করতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা