টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২২ মিনিট আগে
কাগজ, কলমে চালু থাকলেও বাস্তবে চলে না টুঙ্গিপাড়া থানার কার্যক্রম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার দুই তলা বিশিষ্ট ভবন, পুলিশের গাড়ি ও পোশাক সহ যাবতীয় সবকিছু পুড়ে যায়। তারপর থেকে কাগজ, কলমে চালু থাকলেও বাস্তবে চলে না থানাটির কার্যক্রম।
গত ১৭ নভেম্বর সন্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা গ্রেপ্তারকৃতদের ছিনিয়ে নিতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের করে। এরপর থেকেই বন্ধ রয়েছে থানার কার্যক্রম। থানার সরকারি মোবাইল নম্বরগুলোও বন্ধ। আর সাধারন মানুষ থানায় কোন অভিযোগ নিয়ে আসছে কিনা তাও জানেনা পুলিশ সদস্যরা।
টুঙ্গিপাড়া থানা সুত্রে জানা যায়, থানার দৈনন্দিনের কার্যক্রম পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠাতে হয়। তাই কাগজে কলমে গত তিনদিন ধরে থানার ডিউটি অফিসারের দ্বায়িত্ব পালন করছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সবুজ হোসেন।
সোমবার সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত টহল পুলিশের দ্বায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান। তারপর থেকে মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত টহল পুলিশের দায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।
কিন্তু সরজমিনে দেখা যায় তার সম্পূর্ন বিপরীত। টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যদের মধ্যে কয়েকজন থানার আশেপাশে সাধারন পোশাকেই ঘোরাফেরা করছেন। তখন তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু কাগজে কলমেই তারা ডিউটি অফিসার ও টহল পুলিশের দ্বায়িত্ব পালন করছেন। কিন্তু বাস্তবে শুয়ে বসে থাকা আর মন চাইলে একটু হাটাহাটি করা ছাড়া কোন কাজ নেই।
কারণ আগুনে দুই তলা ভবন, গাড়ি সহ পুলিশের পোশাকও পুড়ে গেছে। তাই তারা কোথায় বসে ডিউটি অফিসারের দ্বায়িত্ব পালন করবেন! আর গাড়ি ও পুলিশের পোশাক ছাড়া কিভাবে তারা টহল পুলিশের কাজ করবেন। সাধারন জনগন কেউ অভিযোগ নিয়ে আসে কিনা তাও জানেনা তারা।
টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) পলাশ আহমেদ বলেন, “বর্তমানে ২ জন পরিদর্শক, ৪ জন এসআই, ৪ জন এএসআই ও ১০ জন কনস্টেবল রয়েছে থানায়। তাদের দিয়েই থানার ভেতরের কিছু কার্যক্রম কোন রকমে চালিয়ে নেওয়া হচ্ছে। আগুনে সব ভস্মীভূত হয়েছে, প্রয়োজনীয় কোন সরঞ্জাম নেই। থানার কার্যক্রম চালু করতে ইতিমধ্যে আসবাবপত্র সহ প্রয়োজনীয় মালামাল চেয়ে উর্ধতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। প্রয়োজনীয় সামগ্রী পেলেই থানার কাজ শুরু করতে পারবো”।
১৭ নভেম্বর সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে টুঙ্গিপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘবদ্ধ হয়ে থানায় হামলা করে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে।
একপর্যায়ে হামলাকারীরা আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নিয়ে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে থানার দুই তলা ভবন, আসবাবপত্র, গুরুত্বপূর্ন নথি, পোশাক, ৯টি গাড়ি ও পুলিশ সদস্যদের ১৫ মোটর সাইকেল পুড়ে যায়। তখন হামলাকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিস আগুন নেভাতে যেতে পারেননি। একারণে আগুনে থানার সব পুড়ে ছারখার হয়ে গেছে। তারপর থেকে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার বিকালে টুঙ্গিপাড়া থানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, থানার প্রবেশের প্রধান ফটক বন্ধ। পরে পুলিশ মেসের পাশের ছোট গেট দিয়ে থানায় প্রবেশ করতেই দেখা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তার ভবন। সেখানে শুধু জানালার গ্লাসগুলো ভাঙ্গা হয়েছে। ওসির ভবন পাড় হতেই দেখা গেল গাড়ি ও মোটর সাইকেলগুলোতে যেখানে আগুন দেওয়া হয়েছিল সেখানেই পড়ে রয়েছে।
এরমধ্যে রয়েছে ১টি প্রিজন ভ্যান, ৪ টি পুলিশ ভ্যান, ১টি পেট্রোল গাড়ি, অতিরিক্ত পুলিশ সুপারের ১টি গাড়ি ও ২টি টহল গাড়ি ও ১৫টি মোটর সাইকেল। যা পুড়ে গিয়ে সম্পূর্ন অকেজো হয়ে গিয়েছে। দুই তলা থানা ভবনের তিন পরিদর্শক, ডিউটি অফিসার, এসআই-এএসআইদের কক্ষ, গারদখানা, অস্ত্রাগার, সার্ভার ও কন্ট্রোল রুম সহ আসবাবপত্র, গুরুত্বপূর্ন নথি, কম্পিউটার, এসি, ফ্যান, পুলিশের পোশাক ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখনো থানা ভবন থেকে বের হচ্ছে পোড়া গন্ধ। এককথায় পুরো থানা ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধ্বংসাত্বক চিহ্ন।
অপরদিকে গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে বলে সংবাদ প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম।
তাদের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে যেসব বরাদ্দ দেওয়া হয়, তার মধ্যে গোপালগঞ্জে তৃতীয় কিস্তির বরাদ্দের অর্থ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ কিস্তির টাকা ছাড় বন্ধ থাকবে।
এ ছাড়া গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন সেবাও সম্প্রতি চালু হচ্ছে না বলে খবর প্রকাশিত হচ্ছে। গোপালগঞ্জে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত। আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। ওই সব কর্মসূচি থেকে আবারও হামলা-ভাঙচুর হতে পারে। পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগপর্যন্ত এসব সেবা চালু করার সম্ভাবনা নেই।