সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩৩ মিনিট আগে
রাত গভীর হলেই উপজেলার বিভিন্ন সড়কে বেড়ে যায় বালু ও মাটিবাহী ড্রাম ট্রাকের চলাচল।এতে ক্ষতি হচ্ছে যেমন রাস্তার, পশাপাশি জনজীবনও রয়েছে ঝুঁকির মুখে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফরিদপুরের সদরপুরে দিনের আলো ফুরিয়ে রাত গভীর হলেই উপজেলার বিভিন্ন সড়কে বেড়ে যায় বালু ও মাটিবাহী ড্রাম ট্রাকের চলাচল।
এসব ট্রাকের অধিকাংশেরই নেই
বৈধ রেজিস্ট্রেশন। অতিরিক্ত ভার ও বেপরোয়া গতিতে চলাচলের কারণে একদিকে ক্ষতিগ্রস্ত
হচ্ছে সড়ক। অন্যদিকে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। ট্রাক থেকে ছড়িয়ে পড়া বালিতে দুর্ভোগ পোহাচ্ছেন
সড়কের আশপাশের বাসিন্দারাও।
স্থানীয়রা জানান, উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে গড়ে ওঠা কয়েকটি বালুর বেড থেকে এসব ট্রাকে বালু পরিবহন করা হয়। রাতের সময় ট্রাকের সংখ্যা ও চলাচল দুটোই বাড়ে। চন্দ্রপাড়া থেকে আকোটেরচর ইউনিয়নের বিভিন্ন সড়ক ব্যবহার করে বালু ও মাটি নিয়ে যাতায়াত করে এসব ভারী যানবাহন।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সড়কে ভারী ড্রাম ট্রাক চলাচল করায় সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। রাতের বেলায় দ্রুতগতিতে ট্রাক চলাচলের কারণে সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এর পাশাপাশি বালু পরিবহনের সময় ট্রাক থেকে উড়তে থাকা ধুলা ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। ঘরবাড়ি, গাছপালা ও সড়কের ওপর জমছে ধুলার স্তর। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন সজল বলেন, ‘এভাবে আর কত দিন এলাকার মানুষ ভোগান্তি সহ্য করবে? এসব দেখার যেন কেউ নেই। মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।’
আকোটেরচর ইউনিয়নের কাজীডাঙ্গী গ্রামের বাসিন্দা রায়হান বলেন, ‘আকোটেরচরের পদ্মা নদীর পাড়েও কয়েকটি বালুর বেড রয়েছে। সেখান থেকেও ড্রাম ট্রাকে বালু পরিবহন করা হয়। এসব ট্রাকের অনেকরই রেজিস্ট্রেশন নেই বলে অভিযোগ রয়েছে। প্রশাসনের উচিত দ্রুত অভিযান চালিয়ে অবৈধ যানবাহনের চলাচল বন্ধ করা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক রেজিস্ট্রেশনবিহীন
ড্রাম ট্রাকের চালক বলেন, ‘গাড়ির কাগজপত্র আছে কি না, তা মালিক জানেন। আমরা শুধু গাড়ি
চালাই। এই সড়কে গাড়ি চালাতে কখনো কেউ বাধা দেয়নি।’
চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ
বোরহান উদ্দিন মোল্যা বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাকের বিরুদ্ধে মাঝেমধ্যেই
অভিযান চালানো হচ্ছে। এসব ট্রাক আটক করে মামলা দেওয়া হচ্ছে।’
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ বলেন, ‘রেজিস্ট্রেশনবিহীন ড্রাম ট্রাকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের যানবাহন আটক করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’