হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩৪ মিনিট আগে
সদ্য নির্মিত অ্যাকাডেমিক ভবনের মেঝে, বারান্দা ও প্রবেশমুখসহ অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দৃষ্টিনন্দন নকশা, নতুন রং আর আধুনিক নির্মাণশৈলী, দূর থেকে দেখলে মনে হবে মানসম্মত একটি অ্যাকাডেমিক ভবন। কিন্তু কাছে গেলেই বেরিয়ে আসছে নির্মাণকাজের নানা অসংগতি।
মেঝে, বারান্দা ও প্রবেশমুখসহ অন্তত ২০টি স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে হাতের সামান্য চাপেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। অথচ এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি ভবনটি। এর আগেই এমন বেহাল দশা দেখা দেওয়ায় নির্মাণকাজের মান ও ভবনের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা অ্যাকাডেমিক ভবনে দেখা গেছে এমন চিত্র। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলদের অবহেলা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই হস্তান্তরের আগেই ভবনে ফাটলসহ বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনটির বাইরের অংশ নতুন রঙে বেশ আকর্ষণীয় করে সাজানো হলেও ভেতরের চিত্র ভিন্ন। প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও রয়েছে ফাটল। কক্ষগুলোর দরজায় ফাটল দেখা দেওয়ার পাশাপাশি কয়েকটির কাঠ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। মেঝের মোজাইক নির্মাণে পাথর ও সিমেন্টের পরিমাণ কম ব্যবহারের অভিযোগও করেছেন স্থানীয়রা। অন্যদিকে দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপ দিলেই তা খসে পড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা অ্যাকাডেমিক ভবনের চারতলা ভিত্তি নির্মাণ, স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা ছিল ১২ মাস।
তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে পারেননি ঠিকাদার। প্রায় দুই বছর পর চলতি মাসে কাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণত্রুটি ধরা পড়ায় পুরো কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক বলেন, নতুন ভবন নির্মাণের পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
অভিভাবক খাইরুল ইসলাম বলেন, “ভবন নির্মাণ শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেয়ালে সামান্য চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। এতেই নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভবনটি হস্তান্তরের আগে অবশ্যই কারিগরি পরীক্ষা করা উচিত”।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “আমাদের গ্রামের মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ দীর্ঘদিনের স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও নিম্নমানের কাজের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমরা মনে করি। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক”।
মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, “ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজনকে অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করতে দেখেছি। তখন প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে”।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, “ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. মাজাহারুল ইসলামকে জানানো হয়েছে”।
ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন ভবনে ফাটল থাকার বিষয়টি স্বীকার করে বলেন, “ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে”।
নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। পরে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।
মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। সাংবাদিকের মাধ্যমে প্রথম জানতে পেরেছি। খোঁজখবর নিয়ে দেখব”।
এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাকে খুদে বার্তাও পাঠানো হয়েছে। তবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, হস্তান্তরের আগেই নতুন ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভবনটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়ার আগে নিরপেক্ষ কারিগরি তদন্তের মাধ্যমে নির্মাণকাজের মান যাচাই এবং ত্রুটির কারণ নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।