চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২০ মিনিট আগে
ছবি: সংগৃহীত
দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন গণ-আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক বলেন, অনেক ফ্যাসিস্ট চিন্তা করছে তারা নির্বাচনে দাঁড়াবে।
কিন্তু মনে রাখতে হবে, নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থক নির্বাচনে অংশ নিতে পারবে না। ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে থাকবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা হলরুমে জেলা পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, এক দিনের জন্যও আত্মগোপনে যাননি। এখন বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে। নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। গত ১৭ বছর যারা আমাদের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতন করেছে, তাদের কোনোভাবেই আর দাঁড়াতে দেওয়া হবে না।
চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, যে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে একসময় অনেকে ব্যঙ্গ করেছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সারা দেশে তা বাস্তবায়ন করা হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস।