নগরীর যোগাযোগ ব্যবস্থা
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সড়ক খননজনিত জনদুর্ভোগ নিরসনে একযোগে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম ওয়াসা। চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই চসিকের অনুমতি ছাড়া কিংবা অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর সড়ক খনন করা যাবে না। গতকাল মঙ্গলবার চসিক রেস্ট হাউসে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমসহ দুই সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, একটি সংস্থার কাজের কারণে অন্য সংস্থার কাজ বাধাগ্রস্ত হওয়া কিংবা নাগরিকদের দুর্ভোগ বাড়া চলবে না। ওয়াসার পাইপলাইন স্থাপনে চসিক সহযোগিতা করবে। তবে সড়ক খননের পর দীর্ঘদিন সংস্কার না হলে যানজট, ধুলাবালি ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নির্দিষ্ট সময়সূচি ধরে কাজ শেষ করে সড়ক দ্রুত চসিককে বুঝিয়ে দিতে হবে।
ওয়াসা কর্তৃপক্ষ আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার প্রস্তাব দিলে প্রশাসক বলেন, এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ধাপে ধাপে সড়ক হস্তান্তর করতে হবে। আগামী রমজান ও ঈদুল ফিতরের আগে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার ও কার্পেটিং শেষ করে নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চাই।
একই সড়কে বারবার খনন এড়াতে চসিকের সড়ক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে ওয়াসার পাইপলাইন স্থাপনের সমন্বয়ের ওপর জোর দেন প্রশাসক। সভায় চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ উভয় সংস্থার প্রকৌশলীরা বক্তব্য দেন।