চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৩ মিনিট আগে
আপডেট : ১০ মিনিট আগে
ফাইল ছবি
দুই কক্ষের ছোট্ট একটি কারখানা। বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ কোনো প্রতিষ্ঠান। কিন্তু এর ভেতরেই গড়ে উঠেছে বিদেশি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল নকল করার আয়োজন।
মঙ্গলবার নগরীর কদমতলী এলাকায় জয়শ্রী অটো মোবাইলস নামের একটি প্রতিষ্ঠানে অভিযানে গিয়ে ইঞ্জিন অয়েল নকল করার এমন তথ্য পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বাসি খাবার, কাঁচা মাছ-মাংস একসঙ্গে ফ্রিজে রাখার অপরাধে সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তাজ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংস্থাটির উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে মঙ্গলবার কদমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জয়শ্রী অটো মোবাইলস নামের প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে মতুল, ক্যাস্ট্রোল, শার্লু, আরএসএম, হেরনি ব্র্যান্ডের পণ্য নকল করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে এসব নামিদামি ব্র্যান্ডের পণ্য তৈরি করে খুচরায় বাজারজাত করা হচ্ছে।
তিনি আরও জানান, শুধু ইঞ্জিন অয়েল নকল নয়, ক্রেতার চোখে পণ্যটিকে বিদেশি হিসেবে বিশ্বাসযোগ্য করে তুলতে নকল করা হচ্ছে বোতল, ক্যান, বিএসটিআইয়ের ভুয়া সিল এমনকি আমদানিকারকের সিলও। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।