পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিবেদক
প্রকাশ : ৯ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর বুকে জেগে ওঠা চরে এবারও ভুট্টা, ধান, গম, আলু, রসুন, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ফসলের আবাদ করেছেন কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নদীবেষ্টিত চরাঞ্চলে কৃষিকাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
তিস্তা, ধরলা, সানিয়াজান
ও সিংগীমারী নদীর বুকে জেগে ওঠা চরে এবারও ভুট্টা, ধান, গম, আলু, রসুন, মিষ্টিকুমড়াসহ
বিভিন্ন ফসলের আবাদ করেছেন তারা।
তবে সার, বীজ, কীটনাশক, সেচের ডিজেল ও জমি চাষের খরচ বেড়ে যাওয়ায়
দুশ্চিন্তায় পড়েছেন প্রান্তিক কৃষকরা। বাড়তি উৎপাদন খরচের বিপরীতে ফসলের ন্যায্যমূল্য
পাওয়া নিয়েও শঙ্কা রয়েছে তাদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা
এলাকায় নদী অববাহিকায় প্রায় ৪৮০ হেক্টর চর জেগে উঠেছে। এর মধ্যে প্রায় ৪৬০ হেক্টর জমিতে
অন্তত ২০ ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা। সবচেয়ে বেশি ৩৩০ হেক্টর জমিতে চাষ হয়েছে ভুট্টা।
এছাড়া এসব জমি থেকে প্রায় ৮ হাজার ৬ মেট্রিক টন ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছেÑ যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।
সরজমিনে তিস্তা, ধরলা, সানিয়াজান ও সিংগীমারী নদীর চরাঞ্চল ঘুরে
দেখা যায়, ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানিরা। কেউ জমিতে সার দিচ্ছেন,
কেউ শ্যালো মেশিনের সাহায্যে সেচ দিচ্ছেন, আবার কেউ আগাছা পরিষ্কার ও নিড়ানির কাজ করছেন।
বিশেষ করে দহগ্রামের তিস্তা নদীর চরে ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ
চোখে পড়ার মতো।
তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
তাদের অভিযোগ, বাজারে সারের বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।
কোথাও কোথাও কৃত্রিম সংকট দেখিয়ে বাড়তি দামে সার বিক্রি করা হচ্ছে। পাশাপাশি বীজ, কীটনাশক
ও সেচের ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চাষাবাদের ব্যয়। দুর্গম চরাঞ্চলে কৃষি উপকরণ
পরিবহনেও বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। এতে লাভের আশায় চাষাবাদ করলেও শেষ পর্যন্ত
লোকসানের আশঙ্কা করছেন অনেক কৃষক।
দহগ্রামের কৃষক তাইজুল ইসলাম বলেন, ‘এবার আমাদের চাষাবাদে তেল,
সার ও বীজের দাম বেশি। বাজারে ফসলের সঠিক দাম না পেলে আমাদের খরচই উঠবে না।’
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম বসুনিয়া বলেন,
ভর্তুকি মূল্যে বরাদ্দ পাওয়া সার সরকার নির্ধারিত দামেই কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
তবে প্রযুক্তিগত জ্ঞানের অভাবে অনেক কৃষক জমিতে প্রয়োজনের তুলনায় বেশি সার ব্যবহার
করেন। এতে উৎপাদন খরচ বেড়ে যায়। কিছু জায়গায় বেশি দামে সার বিক্রির অভিযোগও শোনা যাচ্ছে।
তিনি আরও বলেন, কৃষি উপকরণের দাম বাড়লে উৎপাদন খরচ বেড়ে যায়। অনেক
সময় কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। তবে সরকারিভাবে ধান সংগ্রহের
সময় কিছুসংখক কৃষক ন্যায্যমূল্য পান।এতে কী তাদের কৃষির ঘাটতি পূরণ করা সম্ভব?