× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৫৫ কারখানা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ মিনিট আগে

শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে মঙ্গলবার দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর চলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে মঙ্গলবার দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুর চলে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে এবং শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরের শিল্পাঞ্চলে মঙ্গলবার দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শ্রমিক অসন্তোষের কারণে ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান নেন। এ সময় গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে একটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী, জরুন, টঙ্গী ও গাজীপুরা এবং সদর উপজেলার ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজার ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। বিভিন্ন স্থানে সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কোনাবাড়ী এলাকার ইসলাম গার্মেন্টসে এক শ্রমিকের মুত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে আঞ্চলিক সড়কে অবস্থান নেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

অন্যদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মেম্বারবাড়ি ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ভবানীপুর ও ভোগড়া বাইপাস এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া যায়। অবরোধের কারণে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকাল পৌনে ১০টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে কোনাবাড়ী ও জরুন এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে।

বেলা সোয়া ১১টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। পুলিশ জানায়, বিক্ষোভকারীরা বক্সের চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেন। এ সময় হামলা-ভাঙচুরের মধ্যে পড়ে এক পথচারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন বলেন, “শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে”।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “সকাল থেকে শ্রীপুর ও মহানগরীর কোনাবাড়ী, জরুনসহ বিভিন্ন এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের কারণে ২৩টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা