গ্রামের ৬০ টাকার ডাব শহরে ২০০ টাকা
পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ মিনিট আগে
বছরে ৪০ কোটি টাকার ডাব বিক্রি, যা- সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রকৃতির এক অনন্য উপহার ডাব। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর ডাবের পানি। তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে। শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষের কাছেই ডাবের পানির কদর রয়েছে। বিশেষ করে গরমের মৌসুমে ডাবের চাহিদা বেড়ে যায়। তবে শীতের মৌসুম শুরু হলেও পিরোজপুরে ডাবের দাম কমেনি। ডাব উৎপাদনে দেশের অন্যতম প্রধান জেলা পিরোজপুর। এ জেলার উৎপাদিত ডাবই এখন স্থানীয় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
স্থানীয় বাজারে ডাব বিক্রির চিত্রে দেখা যায়, গ্রাম থেকে ৫০-৬০ টাকায় কেনা একটি ডাব শহরে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়। উৎপাদক ও ভোক্তার মাঝখানে কয়েক দফা হাতবদল এবং মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার কারণে বেড়ে যাচ্ছে দাম। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, ঢাকার আড়তদারদের কমিশন বাণিজ্য ও কিছু ভাসমান বিক্রেতার কারসাজিতে ডাবের বাজারে তৈরি হয়েছে অস্বাভাবিক মূল্যব্যবস্থা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতা ও রোগীরা।
পিরোজপুরের বিভিন্ন
হাটবাজার ও সড়কের পাশে চোখে পড়ে ডাব বিক্রেতাদের। ভ্যান কিংবা দোকানে সাজিয়ে রাখা হয়েছে
বিভিন্ন আকারের সবুজ ডাব। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন হাজার হাজার ডাব
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে পাঠানো হচ্ছে। কয়েক দফা হাতবদলের পর খুচরা বাজারে
আকারভেদে প্রতিটি ডাব বিক্রি হচ্ছে ১৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত।
স্থানীয় গাছিরা গ্রামাঞ্চলে ঘুরে গাছ থেকে ডাব সংগ্রহ করেন। সাধারণ মানের একটি ডাব ৪৫ থেকে ৫০ টাকা এবং ভালো মানের বড় ডাব ৬০ থেকে ৬৫ টাকা পর্যন্ত কিনে থাকেন গাছিরা। তারা সামান্য লাভে এসব ডাব পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করলেও পরবর্তী সময়ে কয়েক দফা হাতবদলে দাম বেড়ে যায় কয়েক গুণ। এছাড়া এই কর্মযজ্ঞর পেছনে হাজারো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এদিকে পিরোজপুরে
ডেঙ্গু সংক্রমণ বাড়ায় চিকিৎসকদের পরামর্শে রোগীদের জন্য ডাবের চাহিদা আরও বেড়েছে। কিন্তু
অতিরিক্ত দামের কারণে অনেক রোগী ও তাদের স্বজন ডাব কিনতে পারছেন না। ফলে ডেঙ্গু আক্রান্ত
রোগীদের পুষ্টিকর খাবার হিসেবে ডাবের পানি সরবরাহ করতে গিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা।
জেলা স্বাস্থ্য
বিভাগের তথ্য অনুযায়ী, পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৮০০ জনের বেশি। জেলা হাসপাতালসহ সাতটি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। শুধু জেলা
হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন প্রায় ৭০ জন।
পিরোজপুর শহরের
রাজারহাট এলাকার বাসিন্দা মৃদুল বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা সাধারণ মানুষের সঙ্গে অন্যায়
করছেন। কম দামে ডাব কিনে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি করছেন। এটা কোনোভাবেই ঠিক নয়।
এ ধরনের অনিয়ম বন্ধ করতে হবে।’
জেলা হাসপাতালে
চিকিৎসা নিতে আসা কদমতলা এলাকার বাসিন্দা মো. আলী হোসেন বলেন, ‘গ্রামে ৫০-৬০ টাকার
ডাব শহরে এনে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। আমার পরিবারের একজন সদস্য ডেঙ্গু
আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসক প্রতিদিন তাকে এক থেকে দুটি ডাব খাওয়ানোর
পরামর্শ দিয়েছেন। কিন্তু এত বেশি দামে ডাব কেনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা
খুব ভোগান্তিতে পড়েছি। সরকারের উচিত ডাবের দাম নির্ধারণ করে দেওয়া।’
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মো. রাসেল বলেন, ‘আমরা সাধারণ মানুষ খুব ভোগান্তিতে আছি। ব্যবসায়ীরা ৪০-৫০ টাকায় ডাব কিনে আমাদের কাছে ১২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করছেন। পিরোজপুরের প্রায় প্রতিটি এলাকাতেই এমন পরিস্থিতি চলছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’
সদর উপজেলার টোনা
ইউনিয়নের মূল গ্রামের ডাবচাষি উত্তম বলেন, ‘আমার ১০-১২টি ডাবের গাছ আছে। ছোট ডাব ৬০
টাকা এবং বড় ডাব ৭০ টাকা করে বিক্রি করি। পরে এসব ডাব শহরে নিয়ে দ্বিগুণ দামে বিক্রি
করা হয়। এটা সাধারণ মানুষের ওপর এক ধরনের জুলুম করা হচ্ছে।’
জেলা হাসপাতালের
সামনের সড়কে ভ্যানে ডাব বিক্রি করেন সৈকত। তিনি বলেন, ‘আমি কলাখালীর ব্যবসায়ী মাসুদের
কাছ থেকে প্রতিটি ডাব ১৩০ টাকা করে পাইকারি কিনে আনি। বড় ডাব ২০০ টাকা এবং তুলনামূলক
ছোট ডাব ১৩০ টাকায় বিক্রি করি।’
মো. শামীম নামে
আরেক বিক্রেতা বলেন, ‘আমরা গ্রাম থেকে ডাব কিনে ঢাকার আড়তদারদের কাছে পাঠাই। সিন্ডিকেটটা
মূলত তারাই করে। পাশাপাশি আমরা খুচরাও বিক্রি করি।’ তবে কেনার দামের তুলনায় দ্বিগুণের
বেশি দামে ডাব বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। একপর্যায়ে আর ডাব
বিক্রি করবেন না বলে ডাববোঝাই ভ্যান নিয়ে স্থান ত্যাগ করেন।
আড়তদারদের বিরুদ্ধে হিসাব গোপন করে ডাব বিক্রির অভিযোগও করেন এই ব্যবসায়ী। তিনি বলেন, ‘আমরা ডাব পাঠিয়ে দিই আড়তে। সেখানে বিক্রির পর আড়তদাররা ১৩ হাজার টাকা পেলেও খাতায় ১১ হাজার টাকা লিখে রাখেন। এভাবে আমাদের সঙ্গে কারসাজি করা হয়।’
জিয়ানগর উপজেলার ডাব ব্যবসায়ী মো. আলী হোসেন মির বলেন, ‘গাছিদের কাছ থেকে পাইকারি ক্রেতারা যে ডাব সংগ্রহ করেন, সেগুলো আমরা কিনে ঢাকায় পাঠাই। এ উপজেলায় ৮-১০ জন ডাব ব্যবসায়ী রয়েছেন। আমি প্রতিদিন ৭০০ থেকে এক হাজার ডাব ঢাকায় পাঠাই। ছোট আকারের ১০০টি ডাব ৮০০ টাকা, মাঝারি ৯০০ টাকা এবং বড় আকারের ডাব এক হাজার টাকায় কিনি। পরে সেগুলো ঢাকার যাত্রাবাড়ীর আড়তদারদের কাছে বিক্রি করি। পরিবহন ও শ্রমিকের খরচ বাদ দিয়ে ১০০টি ডাবে প্রায় এক হাজার টাকা থাকে।’
তিনি আরও বলেন,
‘যারা হকারি করেন, তারা বড় ডাব ৯০ থেকে ১০০ টাকায় কিনে ১৭০ থেকে ২০০ টাকায় বিক্রি করেন।
এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।’
ডেঙ্গু রোগীদের জন্য ডাবের পানির প্রয়োজনীয়তা সম্পর্কে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, ‘ডেঙ্গু রোগীদের সাধারণত বেশি করে তরল খাবার ও ডাবের পানি খেতে বলা হয়। তবে ডাবের দাম বেশি হওয়ায় অনেক সাধারণ রোগী তা কিনে খেতে পারেন না। সে ক্ষেত্রে ডাবের পরিবর্তে খাবার স্যালাইনও খেতে পারেন।’
পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিস রায় বলেন, ‘ইতিমধ্যে পিরোজপুরের বিভিন্ন এলাকায় এ বিষয়ে অভিযান চালানো হয়েছে। আজও অভিযান পরিচালনা করা হবে। নেছারাবাদ উপজেলার ডাব বিক্রেতারা টাকার রশিদ রাখা শুরু করেছেন। জেলার অন্যান্য বাজারের বিক্রেতাদেরও সতর্ক করা হয়েছে। কেউ রশিদ না রাখলে এবং ডাবের অতিরিক্ত দাম আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতি বছর প্রায় ৪০ কোটি টাকার ডাব উৎপাদন ও বিক্রি হলেও উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দামের এই বিশাল ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছে। বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব, আড়তদারদের কমিশন এবং খুচরা পর্যায়ে মূল্য নিয়ন্ত্রণের অভাব দূর করা না গেলে ডাব উৎপাদনের অন্যতম প্রধান জেলা পিরোজপুরের সাধারণ মানুষকেই বাড়তি দামের বোঝা বহন করতে হবে।